তরুণেরা দেশ ও জাতির প্রাণ। আদর্শ, মূল্যবোধহীন তরুণসমাজ আমাদের আশাহত করে। আবার মানুষ ও মানবতার জন্য নিবেদিত তরুণদের দেখে গর্বে বুক ভরে যায়, মনে আশা জাগায়। এমনি আশাজাগানিয়া কয়েকজন তরুণ থাকেন বরগুনার পাথরঘাটায়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে ও গরিব রোগীদের রক্ত দিতে ছুটে যান তাঁরা দূর-দূরান্তে। ওই তরুণেরা মিলে ‘প্রত্যয়’ নামে স্বেচ্ছা রক্তদাতা একটি সংগঠন গড়ে তুলেছেন। স্বেচ্ছাসেবী এই সংগঠনের শুরুটা কীভাবে হয়—জানতে চাইলে প্রত্যয়ের প্রতিষ্ঠাতা মেহেদী ফিরে যান তিন বছর আগের এক ঘটনায়। মেহেদীরা আট ভাইবোন। সবার ছোট মাফিয়া। ক্যান্সার ধরা পড়ার পর তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বললেন, দ্রুত তাঁর বোনকে রক্ত দিতে হবে। কোথায় পাবেন রক্ত? কার কাছে যাবেন, কী করবেন ভেবে পাচ্ছিলেন না মেহেদী। একবার হাসপাতালের ছয়তলায় ওঠেন, পরক্ষণেই নামেন নিচতলায়। প্রায় তিন ঘণ্টা দৌড়ঝাঁপ করলেন এভাবে। কোথাও রক্ত মিলছে না। অবশেষে হাসপাতালেই এক ব্যক্তির কাছে পাওয়া গেল কাঙ্ক্ষিত গ্রুপের রক্ত। সেই বিড়ম্বনার কথা ভুলেননি মেহেদী। মনে মনে একটি রক্তদাতা সংগঠন গড়ার সিদ্ধান্ত নেন। বাড়ি ফিরে বন্ধুদের নিয়ে পরামর্শ করলেন। মেহেদীর প্রস্তাবে সায় দিলেন বন্ধুরা। সাত বন্ধু মিলে গড়ে তুললেন স্বেচ্ছা রক্তদাতা একটি সংগঠন। নাম দিলেন প্রত্যয়। সেই ‘প্রত্যয়’ এখন পাথরঘাটায় রক্তদাতাদের একমাত্র সংগঠন। কারও রক্তের প্রয়োজন শুনলেই প্রত্যয়ের স্বেচ্ছাসেবকেরা ছুটে যান হাসপাতালে। বিনা পয়সায় রক্ত দিয়ে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা এলাকার মানুষের কাছে আস্থা অর্জন করেছেন। শুধু এলাকায় নয়, প্রয়োজনে নিজ খরচায় বরিশালের বরগুনায় গিয়ে তাঁরা গরিব রোগীদের রক্ত দিয়ে আসেন। বর্তমানে সংগঠনের স্বেচ্ছাসেবীর সংখ্যা ৮৪ জন। তাঁদের প্রায় সবাই শিক্ষিত বেকার, কেউ কেউ পড়াশোনা করছেন। প্রত্যয়ের আত্মপ্রকাশ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর। প্রত্যয়ের প্রতিষ্ঠাতা মেহেদী বলেন, ‘আমাদের বন্ধু অপু প্রথম স্বেচ্ছায় রক্ত দেওয়া শুরু করে। এভাবেই পথ চলা শুরু আমাদের।’ ১৯৯৯ সালে এইচএসসি পাস করে পাথরঘাটা কলেজে ভর্তি হলেও পারিবারিক দৈন্যের কারণে পড়াশোনা আর এগোয়নি মেহেদীর। নিজে সংসারের হাল ধরেছেন, একটি সাইনবোর্ড লেখার দোকান খুলেছেন। পাথরঘাটা পৌর এলাকার পশ্চিম মাথায় বন্ধুরা মিলে একটি ঘর ভাড়া নিয়ে সেখানে সংগঠনের কাজ চালাচ্ছেন। মাসে ঘরভাড়া এক হাজার ২০০ টাকা। স্বেচ্ছাসেবকেরা নিজেরা চাঁদা তুলে ওই টাকা পরিশোধ করেন। এলাকার সচেতন যুবকদের রক্ত দেওয়ার ব্যাপারে উৎসাহ জোগাতে প্রতি শুক্রবার পাড়ায় পাড়ায় প্রচারণা চালান। দুই বছরে তাঁরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার ২৫টি ক্যাম্প করেছেন। স্বেচ্ছাসেবকেরা ২০০৭ সালের ঘূর্ণিঝড়-সিডরে নিহত বেওয়ারিশ লাশ নিজেদের উদ্যোগে দাফন করেছেন। এখন তাঁরা চেষ্টা করছেন একজন চিকিৎসক দিয়ে পাথরঘাটার পশ্চাৎপদ গ্রামগুলোতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করার। পাথরঘাটার ৫০ শয্যার হাসপাতালটি অবিলম্বে চালু করা, প্রয়োজনীয় চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, স্থায়ী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার দাবিতে সংগঠনের পক্ষ থেকে গত ২৫ মে পাথরঘাটা পৌর শহরে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সর্বস্তরের মানুষের সাড়া মেলে।পাথরঘাটা পৌর এলাকার কাশ্মীর সড়কের স্কুলশিক্ষক প্রবীর হালদারের স্ত্রী সেবিকা রানী হালদার (৩৫) দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দুই মাস পর পর তাঁকে দুই ব্যাগ করে রক্ত দিতে হয়। প্রবীর হালদার বলেন, ‘এই ছেলেরা ছয় মাসে আমার স্ত্রীকে ছয় ব্যাগ রক্ত দিয়েছে। ওদের এই উপকারের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।’ সম্প্রতি অবসরে যাওয়া পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমল চন্দ্র রায় বলেন, ‘হাসপাতালে রোগীদের রক্তের প্রয়োজন হলেই আমরা প্রত্যয়ের ছেলেদের কাছে পাঠিয়ে দিই। ওরা সত্যিকারার্থে মানুষের উপকার করছে।’