‘রক্ত দিয়ে হলেও’ ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অধিকার রক্ষা করবে ইসলামী আন্দোলন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের চক্রান্তের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা এ কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল এলাকা প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করীম বলেন, ভারত, আমেরিকা, যুক্তরাজ্যে ধর্মীয় রাজনীতি চলছে। অথচ বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।খেলাফত আন্দোলনের সমাবেশ: ধর্মভিত্তিক আরেকটি দল খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, ধর্মনিরপেক্ষ ভারতসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। কাজেই বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশে তা বন্ধ করার সুযোগ নেই। জুমার নামাজের পর গুলিস্তান গোলাপশাহ্ চত্বরে আয়োজিত সমাবেশে দলটির নেতারা এ কথা বলেন।