রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর লড়াই রবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে সাঁটানো একটি পোস্টারে চোখ আটকে গেল রবির। একটি শিশুর মলিন মুখ। নিচে লেখা: ‘শিশুটির জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন।’ রবির সঙ্গে প্রয়োজনীয় গ্রুপও মিলে গেল। ঠিকানায় গিয়ে হাজির তিনি। নিজে তো রক্ত দিলেনই, বন্ধুদের মারফত আরও কয়েক ব্যাগ সংগ্রহ করে শিশুটিকে দিলেন। সেই রক্তে নতুন করে জীবনের হাসি ফুটল শিশুটির মুখে।এটি ১৯৯২ সালের কথা। সেই থেকে শুরু। সর্বশেষ রবি রক্ত দিয়েছেন গত ১৬ মে। দিনটি ছিল তাঁর বিবাহবার্ষিকীর। এদিন তিনি ব্যক্তিগত আনন্দও রক্তদানের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। ওই দিন রবি (৩৯) ৫২ বারের মতো রক্ত দান করলেন।আজ শুক্রবার ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০০৪ সাল থেকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সেচ্ছায় রক্তদাতা একেকজন বীর’। এ রকমই একজন বীর রবি। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মহল্লার বাসিন্দা এই মানুষটি পেশায় ব্যবসায়ী। তাঁর বাবা আবদুল হামিদ একজন মুক্তিযোদ্ধা। রক্তদানের কাজটি আরও ভালোভাবে করতে ২১ জন বন্ধুকে নিয়ে গড়ে তুলেছেন স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘রক্তের সন্ধানে’। সংগঠনটি এখন আর রবির নিজ এলাকায় সীমাবদ্ধ নেই। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা ও সিলেট পর্যন্ত জীবন বাঁচাতে যখনই কারও রক্তের প্রয়োজনের কথা শুনেছেন, ছুটে গেছেন এই সংগঠনের সদস্যরা। আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘রক্তের সন্ধানে’ ভৈরবের পৌর শহীদ মিনারের পাদদেশে শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।রবি বলেন, ‘আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন। বাবার পথ ধরে আমিও আমার সাধ্যের মধ্যে মানুষের জীবন বাঁচাতে যুদ্ধ করছি।’ প্রতিটি সুস্থ মানুষকে জীবনে অন্তত একবার রক্তদানের অনুরোধ জানান তিনি।