রক্ত দিয়ে হলেও পুকুর রক্ষার শপথ
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার রামকানাই উচ্চবিদ্যালয়সংলগ্ন ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পুকুর ভরাটের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।গতকাল শনিবার সকালে ওই পুকুরটির পাড়ে এলাকার সহস্রাধিক বাসিন্দা ওই কর্মসূচি পালন করে। মানববন্ধনে এলাকাবাসী নিজের শরীরের রক্ত দিয়ে হলেও পুকুরটি রক্ষা করার ঘোষণা দেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আশরাফুল ইমাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা সুমেশ রঞ্জন রায়, পাইকপাড়া এলাকার সাবেক কমিশনার সুভাষ দাস ও কিংকর ঘোষ, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আবু সাঈদ খান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ারা কবির প্রমুখ।বক্তারা বলেন, পৌর এলাকার পুকুর-জলাশয় রক্ষার দায়িত্ব পৌরসভার। অথচ খোদ পৌরসভাই তা দখল করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। পুকুর বা জলাশয় ভরাটের বিরুদ্ধে আইন থাকলেও পৌরসভা তা মানছে না। নিজের শরীরের রক্ত দিয়ে হলেও পুকুরটি রক্ষা করার ঘোষণা দেন তাঁরা।পুকুর ভরাটের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র হেলাল উদ্দিন বলেন, পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে পুকুরটির মাটি পরীক্ষা করানো হয়েছে। সেখানে বিপণিবিতান নাকি অন্য কোনো স্থাপনা নির্মাণ করা হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এলাকাবাসীর প্রতিবাদ জানানোর পরিপ্রেক্ষিতে তাঁদের সঙ্গে এ নিয়ে আগামী মঙ্গলবার আলোচনার জন্য নোটিশ দেওয়া হয়েছে।