রক্ত নিয়ে প্রতারণায় জেল-জরিমানা
রক্তের গ্রুপ পরীক্ষায় ভুল করায় ও রক্তের ব্যাগে রক্তের পরিমাণ কম দেওয়ায় রাজধানীর চকবাজারের দুটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়।
আজ সোমবার র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে। র্যাব-১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চকবাজারের বকশী বাজারে সন্ধান ব্লাড ব্যাংক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া চলছে। রক্তের ব্যাগগুলোতে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক কম পরিমাণ রক্ত সরবরাহ করে তা বিক্রি করা হচ্ছে। এ ছাড়া রক্তের ব্যাগ নির্ধারিত ফ্রিজে সংরক্ষণও করা হয়নি। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাহিদ হাসান (২৬) এবং কর্মকর্তা সেলিম রেজা (৩৮) ও ফারুক হোসেনকে তিন মাসের করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে ১৮ ব্যাগ রক্ত ধ্বংস করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় একই সময়ে একই এলাকায় মডার্ন হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ প্রতিষ্ঠানের কর্মীরা এক রোগীর রক্ত পরীক্ষা করে রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ বলে প্রতিবেদন দিয়েছিলেন। রোগীর পরিবারও দুই ব্যাগ ‘এ’ পজিটিভ রক্ত কেনেন। কিন্তু রোগীর রক্তের সঙ্গে ওই রক্তের সামঞ্জস্য না হওয়ায় ঢাকা মেডিকেলে আবার রোগীর রক্তের পরীক্ষা করা হয়। পরীক্ষায় রোগীর রক্তের গ্রুপ ‘এ বি’ পজিটিভ আসে। ওই প্রতিষ্ঠানের দেওয়া প্রতিবেদনে দেবাতোষ পাল নামের এক চিকিৎসকের স্বাক্ষরও ছিল। পরে নির্বাহী হাকিম সারওয়ার আলম ফোন করে জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, তাঁর অনুপস্থিতে স্বাক্ষর জাল করে প্রতিবেদন দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি দুঃখও প্রকাশ করেন। পরে ভুল প্রতিবেদন দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জহুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।