রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অনুমোদনহীন রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে কাজ করার দায়ে দুই কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা করে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওই পরিসঞ্চালন কেন্দ্রের তিন পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নগরের জিইসি এলাকায় সিটি মেট্রোপলিটন ব্লাড ব্যাংক নামের ওই বেসরকারি রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে রক্ত সংগ্রহ ও কেনাবেচার দায়ে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। র‌্যাব সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট এ কে এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের দুই কর্মচারী স্বরূপ ও নাহিদুল ইসলামকে দুই বছর করে কারাদণ্ড এবং দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ওই রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের তিন পরিচালক ফরিদুল আলম, মো. সেকান্দর ও আবদুল হালিমকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে অংশ নেওয়া সিভিল সার্জনের প্রতিনিধি মো. আহসানুল হক বলেন, দুই কর্মচারীকে রক্তসহ হাতেনাতে পাওয়া যায়। পাশাপাশি তাঁরা চিকিৎসকের সই নিজেরা করে দিচ্ছিলেন। এ কারণে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সেখানে উপস্থিত তিন পরিচালককে অর্থদণ্ড দেওয়া হয়। মো. আহসানুল হক আরও বলেন, রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের জন্য অনুমোদন লাগে। তাদের কোনো অনুমোদন ছিল না।