আহত বা অসুস্থ ব্যক্তিদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ করতে নানা ঝক্কি-ঝামেলায় পড়তে হয়। এখানে-সেখানে ছুটে এবং নানাজনকে ফোন করেও অনেক সময় মেলে না কাঙ্ক্ষিত রক্ত। এমন বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে ‘ব্লাডবট’ ও ‘বাঁধনবট’ নামে ফেসবুক মেসেঞ্জারভিত্তিক দুটি অ্যাপের মাধ্যমে।
ব্যবহারকারীরা জানিয়েছেন, দুটি অ্যাপই ব্যবহারবান্ধব। এর মাধ্যমে খুব সহজেই রক্তদাতা ও গ্রহীতার সঙ্গে যোগাযোগ করা যায়। প্রত্যাশার চেয়েও কম সময়ে পাওয়া যায় রক্তের সন্ধান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুটি অ্যাপই ব্যক্তি উদ্যোগে তৈরি করা হলেও বাঁধনবট স্বেচ্ছাসেবী রক্তদাতাদের অন্যতম বৃহৎ সংগঠন বাঁধনের প্রতিনিধিত্ব করছে। গত মার্চ থেকে ব্লাডবটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাঁধনবট আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।
ব্লাডবটের মূল উদ্যোক্তা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী। তিনি এবং তাঁর বন্ধু ওমরান জামাল, আদনান খান, জেরিন তাসনীম ও সুমনা চক্রবর্তী অ্যাপটি তৈরি করেছেন। তাঁদের মতে, রক্তগ্রহীতার চেয়ে রক্তদাতার সংখ্যা কম নয়। কিন্তু তারপরও রক্ত পাওয়া যায় না। এর মূল কারণ গ্রহীতা ও দাতার সঙ্গে ঠিক সময়ে যোগাযোগ করা সম্ভব হয় না। এ সমস্যার কথা চিন্তা করেই অ্যাপটি তৈরি করা হয়েছে।
ফেসবুক ম্যাসেঞ্জারে গিয়ে ব্লাডবট (BloodBot) লিখে সার্চ দিলে একটি পেজ পাওয়া যাবে। এখানে বার্তা পাঠান অপশনে ক্লিক করলেই অ্যাপটি চালু হবে। পরে ম্যাসেঞ্জারে কথোপকথনের মতো চ্যাট করে রক্ত সম্পর্কে তথ্য আদান-প্রদান করা যাবে। এই অ্যাপের মূল সুবিধা হচ্ছে, কারও রক্তের প্রয়োজন হলে ইংরেজিতে বা বাংলায় রক্তের গ্রুপ, যোগাযোগের নম্বর, হাসপাতালের নাম ও অবস্থান জানালেই চলবে। এরপর অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ও নিকটবর্তী ১৫ জন রক্তদাতার কাছে বার্তা পাঠিয়ে দেবে। এরপর রক্তদাতারাই রক্তগ্রহীতার সঙ্গে যোগাযোগ করবেন। আবার যাঁরা রক্ত দিতে চান, তাঁরা রক্তের গ্রুপ ও অবস্থান জানিয়ে বার্তা পাঠালেই হবে। অ্যাপে এটি সংরক্ষণ করা থাকবে।
অনিরুদ্ধ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ইতিমধ্যেই ৯ হাজারের বেশি ব্যক্তি রক্তদাতা হিসেবে নাম নিবন্ধন করেছেন। এই ছয় মাসে প্রায় ২ হাজার ৯০০ জন ব্যক্তি রক্ত চেয়ে বার্তা পাঠিয়েছেন। যার মধ্যে ৪৮ শতাংশ ব্যক্তি প্রয়োজনীয় রক্ত পেয়েছেন। তিনি বলেন, ফেসবুকে এর রেটিং ৫। ফেসবুক কর্তৃপক্ষ এই অ্যাপের কার্যক্রম পর্যালোচনা করে দুই বছরের জন্য বিনা মূল্যে সার্ভার সুবিধা, রক্তদাতাদের কাছে ছয় মাসের জন্য বিনা মূল্যে বার্তা পাঠানোর সুবিধা এবং ফেসবুকে আড়াই হাজার ডলার মূল্যের বিপণন সুবিধা দিয়েছে। এসব সুবিধার মেয়াদ শেষ হলে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না।
এদিকে ফেসবুকে বাঁধনবট (BADHAN BOT) লিখে এই অ্যাপের সন্ধান পাওয়া যাবে। এতে ইংরেজিতে রক্ত চাইতে হবে। এরপর এলাকা ও রক্তের গ্রুপ জানালে দুই দফায় ২০ জনের রক্তদাতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর দিয়ে দেবে। এরপর রক্তগ্রহীতাকে ওই সব নম্বরে যোগাযোগ করতে হবে। এ ছাড়া এই বটে বাঁধনের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন ইউনিট ও জোন সম্পর্কে তথ্য পাওয়া যাবে। অ্যাপটি তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বোরহান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মেহেদি হাসান।
বোরহান চৌধুরী প্রথম আলোকে বলেন, শিগগিরই অ্যাপটিতে আরও কিছু ফিচার যোগ করা হবে।