বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে দেশ একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম হলে ‘নাগরিক সংলাপে’ তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম নাগরিক ঐক্য এ সংলাপের আয়োজন করে। মাহমুদুর রহমান বলেন, বিএনপি না এলে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন গ্রহণযোগ্য না হলে দেশের পরিস্থিতি দীর্ঘস্থায়ী সংঘর্ষের দিকে যাবে।
তিনি বলেন, দেশের মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে—কে বেশি স্বৈরাচারী? এরশাদ না বর্তমান সরকার। যে সরকারের আমলে মাত্র ১২০ ঘণ্টায় ২০ জন মানুষ আগুনে ঝলসে ও বুলেটে প্রাণ হারায়, তখন গণতন্ত্র কি আর থাকে!
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের সভাপতিত্বে সংলাপে অংশ নেন সাবেক সাংসদ এস এম আকরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড শাহ আলম প্রমুখ।