শোক দিবসের অনুষ্ঠানে প্রধান বিচারপতি
রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেন আদালত
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসূল। এ মামলায় সাক্ষী পাওয়া যাচ্ছিল না। রক্তচক্ষু উপেক্ষা করে বিচারিক আদালত রায় দিলেন। হাইকোর্টে ডেথ কনফারমেশনের জন্য আসে। এ নিয়ে প্রতিকূলতা ছিল। তা আমি বলতে চাচ্ছি না।’
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট ও ঢাকার জজ আদালতের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হলো।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ কোনো দিন পিছপা হয়নি। রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে বিচার বিভাগ এগিয়ে এসেছে। যেখানে অন্যায় দেখেছে, সেখানে হস্তক্ষেপ করেছে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সব সময় বিচার বিভাগকে হেয় করা হয়। এটাকে রাষ্ট্রের অঙ্গ হিসেবে অনেকে স্বীকৃতি দিতেও পিছপা হচ্ছেন। আমরা আগে কোনো দিন এই কথা প্রকাশ করিনি।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনের পর তখনকার বিচার বিভাগের সমালোচনা করা হতো। কিন্তু এর মধ্যেও আমাদের সিনিয়র বিচারপতিরা পিছপা হননি।’
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার-প্রক্রিয়ায় যুক্ত থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘বিচার বিভাগ কেবল বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি, জেলহত্যা মামলার বিচারও করেছেন। আমরা অষ্টম সংশোধনী ও পঞ্চম সংশোধনী বাতিল করেছি। আমরা ত্রয়োদশ সংশোধনী রায় দিয়েছি। ষোড়শ সংশোধনীর বিষয়টি বিচারাধীন। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।’
এরপর রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
ঢাকার জজ আদালতে শোক দিবস পালন: আদালত প্রতিবেদক জানান,জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতের উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে গতকাল এ কর্মসূচিতে ঢাকা জেলা জজ এম এম কুদ্দুস জামান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে বলেই আমরা স্বাধীন বিচার বিভাগ পেয়েছি।
সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা শেষে বিচারক রুহুল আমীন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।