প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসূল। এ মামলায় সাক্ষী পাওয়া যাচ্ছিল না। রক্তচক্ষু উপেক্ষা করে বিচারিক আদালত রায় দিলেন। হাইকোর্টে ডেথ কনফারমেশনের জন্য আসে। এ নিয়ে প্রতিকূলতা ছিল। তা আমি বলতে চাচ্ছি না।’
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ কোনো দিন পিছপা হননি। রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে বিচার বিভাগ এগিয়ে এসেছে। যেখানে অন্যায় দেখেছে, সেখানে হস্তক্ষেপ করেছে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সব সময় বিচার বিভাগকে হেয় করা হয়। এটাকে রাষ্ট্রের অঙ্গ হিসেবে অনেকে স্বীকৃতি দিতেও পিছপা হচ্ছেন। আমরা আগে কোনো দিন এই কথা প্রকাশ করিনি।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনের পর তখনকার বিচার বিভাগের সমালোচনা করা হতো। কিন্তু এর মধ্যেও আমাদের সিনিয়র বিচারপতিরা পিছপা হননি।’
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার–প্রক্রিয়ায় যুক্ত থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বঙ্গবন্ধু হত্যার বিচারে বিভাগের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর তৎকালীন সরকার ইনডেমনিটি অরডিন্যান্স জারি করেছিল। পরে সরকার যখন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করল। আপিল বিভাগ তা বহাল রাখেন। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার বিচার হলো।’ তিনি বলেন, ‘বিচার বিভাগ কেবল বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি, জেলহত্যা মামলার বিচারও করেছেন। আমরা অষ্টম সংশোধনী ও পঞ্চম সংশোধনী বাতিল করেছি। আমরা ত্রয়োদশ সংশোধনী রায় দিয়েছি। ষোড়শ সংশোধনীর বিষয়টি বিচারাধীন। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।’