রক্তদহ বিলে ১১ গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে খাল খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন ও খাল থেকে তোলা মাটি দিয়ে রাস্তা নির্মাণ শুরু করেছে বিলপাড়ের ১১ গ্রামের মানুষ। গত সোমবার সকাল থেকে তারা এই কাজ শুরু করে।রানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ওই কাজের উদ্বোধন করেন। এ সময় বোদলা গ্রামের ইউপি সদস্য এমদাদুল হক, সাইদুর রহমান মুহুরীসহ ওই এলাকার ১১ গ্রামের নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, বিগত জোট সরকারের আমলে এলাকার এক প্রতিমন্ত্রী ও এক সাংসদ বোদলা-সান্তাহার সড়কের রক্তদহ বিলের ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। সেতু না থাকায় ওই এলাকার লোকজন সান্তাহার ও নওগাঁ যাওয়া-আসা করতে রক্তদহ বিল পাড়ি দেওয়ার সময় দুর্ভোগে পড়েন। বর্তমানে শুষ্ক মৌসুমে বিল প্রায় শুকিয়ে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। সামান্য পানি ও প্রচুর কাদা থাকায় হেঁটেও বিল পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিলের এপার থেকে ওপার পর্যন্ত একটি খাল খনন করে নৌকায় চলাচল এবং পাশে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। জানা যায়, উপজেলার পার্শ্ববর্তী নওগাঁর রানীনগর উপজেলার বোদলা, পালশা, তেবাড়িয়া, বানিয়াপাড়া, নিমগাছী, বড়গাছা, ঝালঘরিয়া, বেলঘরিয়া, বিলকৃষ্ণপুর, সরকাটিয়াসহ ওই এলাকার প্রায় ১৫-১৬ গ্রামের মানুষ রক্তদহ বিল দিয়ে যাতায়াত করে।