রক্তদান মানবতার সবচেয়ে বড় সূচক

পৃথিবীতে যদি কেউ মানবতার বড় সূচক খুঁজে বের করতে চায়, তাহলে রক্তদান হলো সবচেয়ে বড় সূচক।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
দেবপ্রিয় বলেন, যাঁরা নিজের রক্ত অন্যের জন্য দান করেন, তাঁরা সত্যিকার বীর। তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের ‘রক্তবীর’ অভিহিত করে বলেন, রক্তদানের এই সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে।
অনুষ্ঠানে কমপক্ষে ১০ ও ২৫ বার রক্ত দিয়েছেন, এমন দুই শতাধিক রক্তদাতাকে ক্রেস্ট, মেডেল এবং সনদ দিয়ে সম্মাননা জানায় কোয়ান্টাম ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের অনারারি পরিচালক ডা. এ বি এম ইউনূস। রক্তদাতার পক্ষে ডা. সাবরীনা ইয়াসমীন ও নিয়মিত রক্তগ্রহীতা থ্যালাসেমিয়া রোগী আসফিয়া নিজের অনুভূতির কথা জানান।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতিবছর প্রায় ছয় লাখ ব্যাগ নিরাপদ ও সুস্থ রক্তের চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চালাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন।