রাত দুইটায় খবর এল রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্ত লাগবে। সঙ্গে সঙ্গে সদস্যদের মধ্যে যোগাযোগ শুরু হয়। সুবিধাজনক অবস্থানে যাঁকে পাওয়া যায় তাঁকে পাঠানো হয় রক্ত দেওয়ার জন্য। ময়মন-সিংহে স্বেচ্ছায় রক্তদানের এ কাজটি করে যাচ্ছেন কিছু তরুণ-তরুণী।
ওই তরুণদের একটি সংগঠন রয়েছে। নাম ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি। জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর সদস্য। ২০১৬ সালের ১৪ এপ্রিল তরুণেরা একটি অনানুষ্ঠানিক সভা করে সংগঠনটি করার উদ্যোগ নেন। একই বছরের ১৪ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এটি। স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানের ভীতি কাটিয়ে মানুষকে উৎসাহী করার জন্য প্রচারণামূলক সংগঠন এটি। ইতিমধ্যে সংগঠনটি ময়মনসিংহের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের ব্লাড ব্যাংকের মাধ্যমে ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির সদস্যরা রক্ত দান করেন। ব্লাড ব্যাংকে সোসাইটির নামে একটি খাতা রয়েছে, মুঠোফোন নম্বরও দেওয়া আছে। জরুরি প্রয়োজনে হাসপাতাল থেকে তাঁদের রক্তের প্রয়োজনের কথা জানানো হয়। বিশেষ করে শিশু ওয়ার্ডে বলা আছে, দিন বা রাতের যেকোনো সময় রক্তের জরুরি প্রয়োজনে যেন তাঁদের জানানো হয়।
হাসপাতালটির ট্রান্সমিশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শিখারুদ্র প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের ২৫ ডিসেম্বর থেকে গত সোমবার পর্যন্ত হাসপাতালের মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে ৭২১ বার স্বেচ্ছায় রক্ত দান করা হয়েছে।
গত রোববার ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির সভাপতি মমিনুর রহমান, সহসভাপতি মাজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মাকসুদুল হাসানের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, তাঁদের প্রধান উদ্দেশ্য মানুষকে রক্তদানে উৎসাহী করে তোলা। এর জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবসে প্রচারণা চালানো হয়। বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সে সময় রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা ব্যক্তিদের রক্তদানে ভীতি কাটানোর জন্য বলা হয়।
মমিনুর রহমান বলেন, ‘হাসপাতালে অনেকবার দেখেছি জরুরি প্রয়োজনে মানুষ রক্তের জন্য ভোগান্তিতে পড়ে। অথচ প্রত্যেক রোগীর অনেক স্বজন থাকেন। তাঁরা হয়তো রক্তদান করতে ভয় পান। অনেক উচ্চশিক্ষিত মানুষের মধ্যে রক্তদানে ভীতি দেখেছি। ভীতি কাটানোর জন্য আমরা নিজেরাও রক্ত দিই।’
সংগঠনটিতে বর্তমানে প্রায় ২০০ জন রক্তদাতা সদস্য রয়েছেন। তাঁরা সবাই ময়মনসিংহ শহরকেন্দ্রিক হলেও অনেকের বাড়ি শেরপুর, জামালপুর ও নেত্রকোনায়। তাঁরা নিজেদের জেলায়ও রক্তদানের কাজ শুরু করেছেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক। উপদেষ্টা হিসেবে আছেন ৫০ বার রক্ত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা সানোয়ার হোসেন ও ৪৩ বার রক্তদান করা হাবিবুর রহমান।
সংগঠনটির সাধারণ সম্পাদক আল মাকসুদুল হাসান বলেন, রক্তদানের বিনিময়ে সদস্যরা যাওয়া-আসা বাবদ খরচও নেন না। তবে সদস্যদের বলা আছে, রোগীর স্বজনের পক্ষ থেকে যদি রক্তদানের আগে বা পরে পানি বা গ্লুকোজ দেওয়া হয়, তাহলে তা নেওয়া যাবে।