রক্তনদী বহে নিরবধি

ধানমন্ডির ৩২ নম্বর সড়কটা অন্যরকম। নগরের কোলাহল পেরিয়ে এই সড়কে এলে মনের মধ্যে কী যেন কী হয়ে যায়। দেশপ্রেম, সংগ্রাম ও আত্মত্যাগের মহাকাব্য জীবন্ত হয়ে ওঠে।
সড়কটির ঐতিহাসিক মূল্য একটি বাড়িকে ঘিরে। বাড়ি নম্বর ৬৭৭। যদিও এখন সড়ক ও বাড়ি নম্বর বদলেছে। কিন্তু ইতিহাস বদলায়নি।
ধানমন্ডির ৩২ নম্বর সড়কের তিন তলার ছোট্ট বাড়িটি গাছপালার ছায়ায় ঘেরা। দেখতে সাদামাটা। আধুনিক ধানমন্ডির সঙ্গে এ বাড়ি যেন মেলানো যায় না। যাবে কী করে? এ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন।
বাড়িটিতে ১৯৬১ সাল থেকে সপরিবারে বসবাস শুরু করেন বঙ্গবন্ধু। তারপর সবই ইতিহাস। মুক্তিকামী বাঙালি চোখের সামনে দেখেছে, বিশ্ববাসী জেনেছে গণমাধ্যমে। এই বাড়িই বাঙালির মুক্তির সংগ্রামের সূতিকাগার, বাংলাদেশের জন্মের আঁতুড়ঘর।
আবার স্বাধীন বাংলাদেশে এই বাড়িতেই ঘটেছে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে একদল বিপথগামী দেশবিরোধী সেনা কর্মকর্তা হামলে পড়ে বাড়িটিতে। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু ছাড়াও ঘাতকের বুলেট প্রাণ হারান তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ আবু নাসের। সেদিন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে না থাকায় বেঁচে যান।

ইতিহাস ও নৃশংসতার চিহ্ন নিয়ে ধানমন্ডিতে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর বাড়িটি। এ বাড়িতে গেলে খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জন্মের ঠিকুজি। পাওয়া যায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিক জীবনের অসংখ্য স্মৃতি। বাংলাদেশের রাজনীতির মহান এই কবি ও তাঁর পরিবারের সদস্যদের জীবন যে কতটা সাদামাটা ছিল, এখানে এলে তা নিজ চোখে দেখা যায়।
বাড়িতে থাকা সেদিনের নিহত ব্যক্তিদের সারিবদ্ধ ছবি পাষাণের বুকেও কাঁপন ধরায়। ছবি ছাপিয়ে সামনে চলে আসে নারকীয় দৃশ্যগুলো। একেক করে চোখের সামনে তা মঞ্চস্থ হয়। শিউরে ওঠে মন।
বাড়ির নিচ তলায় বঙ্গবন্ধুর পাঠাগার। এখান থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি। এই কক্ষে থাকা নির্বাক বই ও ছবি ১৫ আগস্ট ঘাতকদের চালানো গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছে।
বাড়ির দোতলার আনাচকানাচে ঘাতকদের নির্মমতার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে খাওয়ার স্থান-সংলগ্ন দেয়ালে গুলির বেশ কিছু চিহ্ন।
বঙ্গবন্ধুর শোয়ার কক্ষের দেয়ালে দগদগ করে ঘাতকদের ছোড়া গুলির চিহ্ন। এখানেই নির্মমভাবে হত্যা করা হয় বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে।
গুলিতে কারও মাথার মগজ উড়ে কক্ষের ছাদে লাগে। মগজের সঙ্গে কয়েকটি চুল ও রক্ত। কাচ দিয়ে ঢেকে রাখা স্থানটি ঘাতকদের উন্মাদনার সাক্ষী।
খাওয়ার স্থান (ডাইনিং) ও বঙ্গবন্ধুর শয়নকক্ষ পার হয়ে করিডর ধরে এগোলে শেখ রেহানার কক্ষ। এই কক্ষের দেয়ালও বইছে গুলির চিহ্ন।
ডানদিকে শেখ জামালের কক্ষ হয়ে করিডর ধরে নিচে যাওয়ার সিঁড়ি। ঘাতকদের গুলিতে এই সিঁড়িতেই বঙ্গবন্ধু শাহাদাত বরণ করেন। এখানকার গুলির চিহ্ন, সিঁড়িতে থাকা রক্তের দাগ-এখনো তাজা। এই সিঁড়িতেই পড়ে ছিল বঙ্গবন্ধুর নিষ্প্রাণ দেহ। সিঁড়ি বেয়ে নেমেছিল রক্তের স্রোতধারা। সেই রক্তনদী বহে নিরবধি।