রক্তমাখা ছুরির বাঁটে 'হত্যা রহস্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ খুনের রহস্যের জট সাড়ে ছয় মাসেও খোলেনি।
  • দুই সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ।
  • দুই সহপাঠীর রক্তের নমুনার ডিএনএ পরীক্ষা।
  • রোববার প্রতিবেদন পাওয়া যাবে।

কেন, কী কারণে, কারা ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখকে খুন করেছে সে রহস্যের জট সাড়ে ছয় মাসেও খোলেনি। ঘটনার সময় ফ্ল্যাটে থাকা দুই সহপাঠীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে পাওয়া রক্তমাখা ছুরির বাঁটের সঙ্গে আতিফের দুই সহপাঠীর রক্তের নমুনার ডিএনএ পরীক্ষার পর এই হত্যা রহস্যের জট খুলবে বলে আশা করছে পুলিশ।

২০১৭ সালের ১৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ছুরিকাঘাতে খুন করা হয় আতিফকে। ওই কক্ষ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় উইনসনকে। তাঁরা দুজনই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস চতুর্থ বর্ষে পড়তেন। আতিফ খুন হওয়ার চার দিন পর গত বছরের ১৮ জুলাই তাঁর বাবা আবদুল খালেক বাদী হয়ে আকবরশাহ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে ছয়জন ভারতীয়, দুজন বাংলাদেশি। আট আসামির মধে৵ দুই ভারতীয় গুরঙ্গ নিরাজ ও উইনসনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা কারাগারে রয়েছেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছুরি, ছুরির বাঁট এবং বিছানার চাদরের রক্তের নমুনার ডিএনএ পরীক্ষা করে পুলিশ। ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষা হয়। গত ১১ জানুয়ারি এই প্রতিবেদন তদন্ত কর্মকর্তার হাতে পৌঁছায়। এতে দেখা যায়, চাদর এবং ছুরিতে লেগে থাকা রক্তের নমুনা একই ব্যক্তির। কিন্তু ছুরির বাঁটের রক্তের নমুনা ভিন্ন দুই ব্যক্তির। ওই নমুনার সঙ্গে নিহত ব্যক্তির দুই সহপাঠীর রক্তের মিল রয়েছে কিনা তার ডিএনএ পরীক্ষা হয় গত ২১ জানুয়ারি। আগামী রোববার প্রতিবেদনটি পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে আতিফ হত্যায় ওই দুই সহপাঠী জড়িত কিনা। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের ধারণা, ডিএনএ পরীক্ষায় খুলতে পারে এই মামলার রহস্যের জট।

দুই দফা রিমান্ডে নিয়েও কোনো তথ্য না পাওয়ায় ৭ আগস্ট উইনসনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ১০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে একটি মেডিকেল বোর্ড গঠন করে উইনসনকে পরীক্ষার নির্দেশ দেন আদালত। পরে হাসপাতাল থেকে প্রতিবেদন দেওয়া হয়, মানসিক সুস্থ রয়েছেন উইনসন। তাঁর স্মৃতিভ্রষ্ট হয়নি। ইচ্ছা করেই মুখ খুলছেন না তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, ঘটনার দিনে ওই ফ্ল্যাটে উইনসন ও নিরাজ দুজনই ছিলেন। কীভাবে আতিফ খুন হয়েছেন তা তাঁদের জানার কথা। জেনেও না জানার ভান করে আছেন তাঁরা। ছুরির বাঁটে লেগে থাকা রক্তের নমুনার সঙ্গে ওই দুজনের রক্তের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেলে এই মামলার জট খুলবে। তবে ঘটনার পারিপার্শ্বিকতা এবং এখন পর্যন্ত তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে তাতে দুই সহপাঠী সন্দেহের ঊর্ধ্বে নয়। বিদেশি শিক্ষার্থী হওয়ায় সতর্কতার সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সুযোগকে কাজে লাগাচ্ছেন তাঁরা।