রক্তমাখা পোশাক নিয়েই পরীক্ষা দিল রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয় এসএসসি পরীক্ষার্থী রুবেল হোসেন (১৬)। এতে সে মাথায় ও পায়ে আঘাত পায়। একপর্যায়ে রক্তে তার পরনের পোশাক লাল হয়ে যায়। পরে রক্তমাখা পোশাক নিয়েই মনের জোরে পরীক্ষা দেয় সে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ বাজার সেতুর পূর্ব পাশে ওই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালক এবং রুবেল, রাকিব হোসেন ও আকাশ চন্দ্র সাহা নামের তিন ছাত্র আহত হয়। পরে গুরুতর আহত রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মাথায় ও পায়ে ব্যান্ডেজ করা হয়। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে রুবেল কেন্দ্রে উপস্থিত হয়।
আহত ছাত্ররা বলাখাল জেএন উচ্চবিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের ভোকেশনাল শাখার। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। তারা হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওই পরীক্ষা দিচ্ছে।
আহত ছাত্রদের অভিযোগ, অটোরিকশাচালকের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালক একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়।
রুবেল হোসেন বলে, ‘দুর্ঘটনার পর আমি ঘটনাটি বাড়িতে জানাইনি। চিকিৎসা নেওয়ার পর হাসপাতালে না থেকে পরীক্ষা দেওয়ার জন্য হলে চলে এসেছি।’
বলাখাল জেএন উচ্চবিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, ‘তিন ছাত্র আহত হওয়ার খবরে আমরা বিমর্ষ হয়ে পড়েছিলাম। রুবেল মনের জোরে পরীক্ষার হলে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছে, এটাই বড় ব্যাপার।’