রক্তস্বল্পতায় ভুগছে খুলনার ৫০০ বস্তির মা-শিশু
প্রায় ৫০০ ছোট-বড় বস্তিতে সাড়ে পাঁচ লাখের বেশি লোক বাস করে। এর মধ্যে প্রায় সাড়ে তিন লাখ রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে। ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্যবিষয়ক জরিপের তথ্যানুযায়ী, বস্তি এলাকার মা ও শিশুদের ৭০ শতাংশ রক্তস্বল্পতার শিকার। অপুষ্টির কারণে এখানে শিশু মৃত্যুর হারও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। ইউনিসেফের সহায়তায় মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমইসিএস-জরিপ) অনুযায়ী, খুলনায় এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৪৩ জন এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে মৃত্যুর হার প্রতি হাজারে ৫৫ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ জনের মধ্যে নয়জনের মৃত্যু ঘটে পুষ্টিহীনতায়। জরিপ অনুযায়ী, এখানে নবজাতকদের প্রায় অর্ধেকই স্বাভাবিকের তুলনায় কম ওজন নিয়ে জন্ম নেয়। এ ছাড়া রয়েছে শিশুর ওজন ও দৈহিক বৃদ্ধির ঘাটতি, ভিটামিন-এ এবং আয়োডিনের ঘাটতিজনিত জটিলতা।ওয়ার্ল্ড ভিশনের পুষ্টিবিষয়ক কার্যক্রমের খুলনার সমন্বয়কারী ফুলি সরকার প্রথম আলোকে বলেন, দারিদ্র্য ও স্বাস্থ্যসচেতনতার অভাব অপুষ্টির মূল কারণ। পারিবারিক অনটনের কারণে মা ও শিশু যেমন পুষ্টিহীনতায় ভোগে, তেমনি স্বাস্থ্যসচেতনতার অভাবে গর্ভবতী মা ও তাঁর ভূমিষ্ঠ শিশুও পুষ্টিহীনতার শিকার হয়।খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ বি এম মাহবুবুল হক প্রথম আলোকে জানান, নবজাতককে পুষ্টিহীনতার হাত থেকে রক্ষার জন্য শুধু মায়েদের গর্ভধারণের সময়েই নয়, সব সময় পুষ্টিসম্পন্ন খাদ্যের প্রয়োজন। একজন গর্ভবতী মাকে পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি, কচুশাক ও ফলমূল খেতে হয়।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্যকর্মী জানান, স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে, এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে অপুষ্টি থেকে কাঙ্ক্ষিত উত্তরণ সম্ভব হচ্ছে না। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো দায়িত্বশীল, মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা জরুরি।