রক্তস্বল্পতায় ভুগছে ৮০ শতাংশ শিশু
ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের ৮০ শতাংশই রক্তস্বল্পতায় ভুগছে। খাদ্যে লৌহজাতীয় উপাদানের স্বল্পতা, কৃমি, ভিটামিনের স্বল্পতা, ম্যালেরিয়ার উপদ্রবই মূলত এই রক্তস্বল্পতার জন্য দায়ী।গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ শিশুদের রক্তস্বল্পতাবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান এ সেমিনারের আয়োজন করে। তাহমিদ আহমেদ বলেন, রক্তস্বল্পতার কারণে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শিশু বড় হলে তাদের শারীরিক কাজের ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়। তাদের শরীরে পূর্ণ বিকাশ ঘটে না। এসব শিশুর শ্রবণশক্তিতে সমস্যা দেখা দেয় এবং এরা স্কুলে ভালো ফলাফল করে না। অনুষ্ঠানে পুষ্টি নিয়ে কাজ করে এমন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশি-বিদেশি এনজিও, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল ছয় থেকে দুই বছর বয়সী শিশুদের সম্পূরক খাদ্য কী হবে তা নির্ধারণ করা। অধিকাংশ আলোচক বলেন, মা এবং পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধি, প্রচলিত খাবারের মধ্য থেকে শিশুদের জন্য খাবার নির্বাচন, মায়ের পুষ্টি নিশ্চিতকরণ, ছয় মাস পর্যন্ত কেবল বুকের দুধ খাওয়ানো শিশুদের রক্তস্বল্পতা কমানোর উপায় হতে পারে।