রক্তাক্ত অধ্যায়ের মূলে মুফতি হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে এ দেশে গণহারে মানুষ খুনের সূচনা করেছিল হরকাতুল জিহাদ আল ইসলামী-বাংলাদেশ (হুজি-বি)। যার মূল পরিকল্পনায় ছিলেন মুফতি আবদুল হান্নান। তাঁর পরিকল্পনায় ছয় বছরে ১৬টি হামলা হয়। এসব হামলায় নিহত হন ১১১ জন। এর মধ্যে একটি হামলা ও দুটি হামলাচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়৷ আদালতে দেওয়া তাঁর জবানবন্দি থেকে জানা যায়, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসা ও বরিশালের শর্ষিনা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া শেষে তিনি ভারতের দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। সেখানে দাওরায়ে হাদিস পড়াকালে ১৯৮৭ সালে ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক শিক্ষায় স্নাতকোত্তর পাস করেন। ১৯৮৮ সালে তিনি পাকিস্তানে যান এবং করাচির জামিয়া ইউসুফ বিন নূরিয়া মাদ্রাসায় ভর্তি হন৷ সেখান থেকে তিনি সীমান্তবর্তী শহর খোস্তে মুজাহিদ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। যুদ্ধে আহত হয়ে তিনি ১০ মাস হাসপাতালে ছিলেন। এরপর করাচির ওই মাদ্রাসায় লেখাপড়া শেষ করেন।

১৯৯৩ সালে দেশে ফিরে পাকিস্তানভিত্তিক হরকাতুল মুজাহিদীনের হয়ে তৎপরতা শুরু করেন হান্নান। অবশ্য এর আগেই আফগানফেরত এদেশীয় মুজাহিদরা হুজি-বি গঠন করেন। মুফতি হান্নান ১৯৯৪ সালে হুজি-বিতে যোগ দেন। প্রথমে তিনি কোটালীপাড়া থানা শাখার প্রচার সম্পাদক ছিলেন। সাংগঠনিক দক্ষতায় অল্প দিনের মধ্যে তিনি হুজি-বির শীর্ষ নেতৃত্বে চলে আসেন। হুজি-বির পাশাপাশি হান্নান হরকাতুল মুজাহিদীনের হয়েও কার্যক্রম চালাতেন।

রক্তাক্ত অধ্যায়ের শুরু

১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মধ্য দিয়ে এ দেশে হুজি-বির নাশকতা শুরু হয়। ওই হামলায় ১০ জন নিহত ও দেড় শ জন আহত হন।

২০০৬ সালের ১৯ নভেম্বর ঢাকার আদালতে দেওয়া জবানবন্দিতে হান্নান তাঁর পরিকল্পনায় ও নেতৃত্বে সংগঠিত বিভিন্ন হামলার বিবরণ দেন। তাতে বলা হয়, হুজি-বির কেন্দ্রীয় মজলিসে শ‌ুরার সিদ্ধান্তে মুফতি হান্নান ও মুফতি আবদুর রউফের পরিকল্পনা ও নির্দেশনায় উদীচীর অনুষ্ঠানে হামলা হয়।

যদিও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এ ঘটনায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা হয়। ফলে জঙ্গিদের বিষয়টি তখন আড়ালে থেকে যায়। এরপর একই বছরের ৮ অক্টোবর খুলনা শহরের আহমদিয়া মসজিদে বোমা হামলা হয়। তাতে আটজন নিহত হন।

২০০০ সালের জুলাইয়ে কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের কাছাকাছি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রথম আলোচনায় আসেন মুফতি হান্নান ও তাঁর দল। এরপর থেকে তিনি আত্মগোপনে থেকে তৎপরতা চালান।

২০০১ সালে ঢাকায় সিপিবির সমাবেশে, রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানসহ ছয়টি বোমা হামলা করে জঙ্গিরা। একই বছর সিলেটে নির্বাচনী জনসভায় বোমা হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এই জঙ্গিরা। এরপর হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালায় ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তাঁর সমাবেশে। এতে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ শতাধিক ব্যক্তি।

তার আগে ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজারে বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর এবং ৭ আগস্ট সিলেটের তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা চালায় হুজি-বির জঙ্গিরা। হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় সর্বশেষ গ্রেনেড হামলা হয় ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক সমাবেশে। ওই হামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

প্রথম আলোতে এ-সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের হিসাব অনুযায়ী, হুজি-বির জঙ্গিরা দেশে ছয় বছরে অন্তত ১৬টি বোমা ও গ্রেনেড হামলা চালায়। এসব ঘটনায় নিহত হয়েছেন ১১১ জন। আহত হয়েছেন ছয় শতাধিক জন। এসব হামলা ও হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন মুফতি হান্নান।