রক্তাক্ত ছেলেকে দেখে বাবার মৃত্যু, বাঁচলেন না ছেলেও
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছেলেকে দেখে মারা গেলেন মফিজউদ্দিন (৭০)। এর তিন ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ছেলে ওয়াহিদ (২৫)। মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।এলাকাবাসী জানান, মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ গ্রামে আমির মাস্টারের ছেলে মোস্তফার সঙ্গে ওয়াহিদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তফা লাঠি দিয়ে পিটিয়ে ওয়াহিদকে আহত করে। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে জনৈক জীবন মিয়া বাড়ি থেকে ওয়াহিদকে ডেকে পাশের লৌহাদির টেকে নিয়ে যান। সেখানে আবার মোস্তফার লোকজন তাঁকে পিটিয়ে রক্তাক্ত করে। ওয়াহিদের চিত্কার শুনে লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতপ্রায় রক্তাক্ত ছেলেকে দেখে মফিজউদ্দিন জ্ঞান হারিয়ে পড়ে যান। কিছুক্ষণ পর উপস্থিত সবাই বুঝতে পারে, তিনি মারা গেছেন। পরে ওয়াহিদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত তিনটায় তিনি মারা যান।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাত পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।