রক্তাক্ত জখম হয়েও মোটরসাইকেলে করে এলেন থানায়
মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা হামলা চালায় তাঁর ওপর। ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন। সে অবস্থাতেই মোটরসাইকেল চালিয়ে আধা কিলোমিটার দূরে থানার সামনে এসে পড়ে যান। পুলিশ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
গতকাল শুক্রবার দুপুরে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল জুমার নামাজ শেষে আড়াইটার দিকে মুন্সিপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইয়াসির। পথে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাঁর ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত মোটরসাইকেল চালিয়ে মুন্সিপাড়া থেকে আধা কিলোমিটার দূরে মুলাটোল এলাকায় কোতোয়ালি থানায় এসে পড়ে যান তিনি। পুলিশ দ্রুত তাঁকে গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক তোফায়েল আহমেদ বলেন, তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ বলেন, ‘রক্তাক্ত অবস্থায় গাড়ি চালিয়ে সরাসরি থানায় চলে আসেন তিনি। তাঁর এমন অবস্থা দেখে আমরা চমকে উঠি। এরপর দ্রুত পুলিশের গাড়িতে করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’