রক্তে ভেজা সেই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ মানেই বাঙালির উত্সবের দিন। আর সেই উত্সবের মূল কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ঢাকার রমনা৷ ২০০১ সালের ১৪ এপ্রিল শনিবারেও বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে বরণ করে নিতে রমনায় ছিল নানা আয়োজন৷ ভোর থেকেই নারী-পুরুষ-শিশু-কিশোরসহ সর্বস্তরের হাজারো মানুষ হাজির হয়েছিল রমনায়। তখন কে জানত, উত্সবের রমনা পরিণত হতে যাচ্ছে রক্ত, কান্না আর আতঙ্কের রমনায়!
সকাল আটটা পাঁচ মিনিট। ছায়ানটের আয়োজনে রমনা বটমূলের উত্সবমঞ্চে চলছিল বর্ষবরণের গান৷ হঠাৎ মঞ্চের ২৫ থেকে ৩০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে বিকট শব্দে পর পর দুটি বিস্ফোরণ। চারপাশে ধোঁয়া। মানুষের আর্তচিত্কার, আহত ব্যক্তিদের আহাজারি। দিগ্বিদিক ছোটাছুটি, চারপাশে তাজা রক্ত। এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের শরীরের ছিন্নভিন্ন অংশ, কাপড়ের টুকরা, মানিব্যাগ, জুতা-স্যান্ডেল। ভয়াবহ ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন নয়জন৷ গুরুতর আহত হন ১০ জন। পরে আহত ব্যক্তিদের একজন হাসপাতালে মারা যান।
ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও একুশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল৷ সারা দেশের মানুষ সেই দৃশ্য দেখে৷ স্তম্ভিত হয় জাতি, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে৷ প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র। ঘটনার পরপরই বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আয়োজক সন্জীদা খাতুন মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, শোকার্ত হলেও তাঁরা ভীত নন। এ দেশে প্রতিরোধ করেই সংস্কৃতিকর্মীদের এগোতে হয়েছে, দেশবাসীকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তঁার এই বক্তব্যও টেলিভিশনে সম্প্রচারিত হয়৷
বোমা বিস্ফোরণের সময় উৎসব মঞ্চে ছিলেন তবলাবাদক এনামুল হক৷ বিস্ফোরণের ঘণ্টা খানেক পর প্রথম আলোর কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘এমন ভয়াবহ একটি ঘটনা যে ঘটে গেছে, সেটি শুরুতে বুঝতেই পারিনি।’ বোমা বিস্ফোরণের সময় মঞ্চের মুখোমুখি বসেছিলেন রাজধানীর শান্তিনগরের বাসিন্দা বিকাশ ঘোষ ও ওয়াহেদ শামীম। তাঁরা জানিয়েছিলেন, বিস্ফোরণের শব্দে তাঁরা প্রথম ভেবেছিলেন অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণ যন্ত্রের কোনো ত্রুটি৷ পরে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়তে দেখে ভয়াবহ বোমা বিস্ফোরণের বিষয়টি বুঝতে পারেন। এরপর দেখেন, রক্তে ভেজা হতাহত ব্যক্তিরা পড়ে আছেন৷ শুনতে পান মানুষের আর্তচিত্কার, আতঙ্কিত ব্যক্তিদের দিগ্বিদিক ছোটাছুটি৷