রক্তে রাঙানো একুশ আজ
সড়কজুড়ে আলপনা আঁকা, দেয়ালচিত্রণ—এসব প্রস্তুতি শুরু হয়েছিল আগে থেকেই। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দিনের প্রথম প্রহর থেকেই নামবে আবালবৃদ্ধবনিতা অগণিত মানুষের ঢল। ফুলের গুচ্ছ, স্তবক বা মালা থাকবে হাতে হাতে। কণ্ঠে মর্মস্পর্শী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...’। কৃতজ্ঞ দেশবাসী বিনম্র শ্রদ্ধা জানাবে আজ থেকে ৬৫ বছর আগের এই দিনে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতির প্রতি। আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আজ প্রভাতফেরি নামবে সারা দেশের পথে পথে। ফুলে ফুলে ভরে উঠবে দেশের সব শহীদ মিনারের বেদি। ঢাকায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অনেকেই যাবেন আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করতে।
মাতৃভাষার অধিকার রক্ষার জন্য জীবনদানের ঘটনা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আগে আর ঘটেনি। বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার জন্য এই দিনে বুকের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত করে পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করেছিলেন।
মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অতুলনীয় ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজ বাংলাদেশের সঙ্গে সারা বিশ্বেই দিনটি পালিত হচ্ছে।
বরাবরের মতো এবারও সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে একুশের প্রস্তুতি শুরু হয়েছে রোববার থেকেই। কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়ামোছা করা হয়েছে। শাহবাগের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে টিএসসি হয়ে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় আঁকা হয়েছে ঐতিহ্যবাহী আলপনা। শহীদ মিনারের আশপাশের ভবনের দেয়ালে আঁকা হয়েছে ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে চিত্রমালা। আজ প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করাই থাকবে প্রধান কর্মসূচি। এ ছাড়া শহরজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
বাণী: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে উঠুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক।’
রওশন এরশাদ তাঁর বাণীতে বলেছেন, ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়। জাতি ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন উৎসবের দিন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বাণীতে বলেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবার একদলীয় দুঃশাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে। এভাবেই আজ একুশের স্বপ্নকে তমসাচ্ছন্ন করা হয়েছে।