>মুক্তিযুদ্ধের পুরো নয় মাস সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা চালায় নির্যাতন ও গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা তখন ছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প। সেখানে মুক্তিকামী মানুষকে আটকে রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। ঘুনিয়া গ্রাম থেকে একদিন একই পরিবারের পাঁচজনকে তুলে নিয়ে যাওয়া হয় সেই ক্যাম্পে। তাঁদেরসহ মোট ১২ জনকে এরপর নেওয়া হয় ক্যাম্প থেকে খানিক দূরে খুনিয়াদিঘিতে। সেখানে রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাঁদের শরীর থেকে রক্ত ঝরাতে ঝরাতে উন্মাদনার উৎসবে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী। উৎসব শেষে দিঘির পানিতে দাঁড় করিয়ে তাঁদের গুলি করে হত্যা করা হয়। রক্তে খুনিয়াদিঘির পানি লাল হয়ে ওঠে।
রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইসাহাক আলী বলছিলেন এসব স্মৃতি। ঘুনিয়া গ্রামের যাঁদের সেদিন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁরা সবাই ইসাহাক আলীর স্বজন। ওই দিন হত্যার উৎসব থেকে ভাগ্যচক্রে বেঁচে ফিরে আসতে পেরেছিলেন ইসাহাক আলীর ফুফাতো ভাই সোনা বকশ। তাঁর সারা শরীরে গুলির আঘাত ছিল। তাঁর কাছেই শোনা যায় ওই দিনের ঘটনা।
রানীশংকৈলের ভান্ডারা গ্রামের বড় এই দিঘিটি প্রায় ২০০ বছর আগের। দিঘির পাড় নির্জন ও জঙ্গলে ভরা।
সোনা বকশের ছেলে গোলাম মোস্তফা জানান, তাঁর বাবা মাঝেমধ্যে খুনিয়াদিঘির ওই বর্বরতার গল্প শোনাতেন। তিনি বলতেন, ক্যাম্প থেকে প্রতিদিন কয়েকজনকে চোখ বেঁধে সেনারা বাইরে নিয়ে যেত। কিছুক্ষণ পরই শোনা যেত গুলির শব্দ। যাঁরা যেতেন, তাঁরা আর ফিরে আসতেন না। মোস্তফা বলেন, বাবা বলতেন, যাঁদের বাইরে নেওয়া হতো, তাঁদের খুনিয়াদিঘিতে নিয়ে মেরে ফেলা হতো।
১৯৭১ সালের নভেম্বর মাসের দিকে রাজাকার, আলবদর বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী নেকমরদ বাজার থেকে তুলে নিয়ে যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমানকে। রহমানের ছোট ভাই আবদুর রহমান বাধা দিলে তাঁকেও তুলে নিয়ে যায় তারা। ১৩ দিন নির্যাতনের পর খুনিয়াদিঘিতে নিয়ে তাঁদের হত্যা করা হয়।
রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, খুনিয়াদিঘিতে মোট কতজন মানুষকে হত্যা করা হয়েছিল, তা নিরূপণের জন্য ১৯৯৭ সালের দিকে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় তিনি ৩৫০ জনের একটি তালিকা করতে পেরেছিলেন। তবে হাড়গোড়ের সংখ্যা দেখে অনুমান করা যায়, এক হাজারেরও বেশি মানুষকে সেখানে হত্যা করা হয়ে থাকতে পারে।