শরীয়তপুর সদর হাসপাতাল থেকে রক্তের গ্রুপের ভুল ফলাফল দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার এক প্রসূতিকে রক্ত দেওয়ার জন্য তিন ব্যক্তি শরীয়তপুর সদর হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয় করতে যান। তাঁরা হাসপাতালের বাইরে দুটি ক্লিনিকেও রক্তের গ্রুপ নির্ণয় করান। হাসপাতাল ও ক্লিনিকে দুই রকম ফল পাওয়া যায়।
শরীয়তপুর সদর হাসপাতাল ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, জেলার নড়িয়া উপজেলার নশাসন ব্যাপারিকান্দি গ্রামের ফারুক হোসাইনের স্ত্রী রাহিমা খাতুন শনিবার তাঁদের বাড়িতে দুটি যমজ সন্তান প্রসব করেন। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়। সকাল সাড়ে আটটায় তাঁকে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসক তাঁকে দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন। স্বজনেরা রক্ত দেওয়ার জন্য শরীয়তপুর সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান রক্তের গ্রুপ নির্ণয় করতে।
ওই প্রসূতির ভাই শহীদুল ইসলামের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ফলাফল আসে ‘বি পজিটিভ’। প্রসূতির রক্তের গ্রুপও ‘বি পজিটিভ’ হওয়ায় দুজনের রক্ত ক্রস ম্যাচিংয়ের জন্য স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। কিন্তু সেখানে দুজনের রক্ত গ্রুপ ম্যাচিং হয় না। তখন তাঁদের দুজনের রক্ত ক্লিনিকে গ্রুপ নির্ণয় করতে দেওয়া হয়। সেখানে শহীদুল ইসলামের রক্ত ‘ও পজিটিভ’ ফলাফল পাওয়া যায়। এরপর সদর হাসপাতালে ওই প্রসূতির স্বামী ফারুক হোসাইন ও ভাই দেলোয়ার হোসেনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সেখানে ফারুকের রক্তের গ্রুপের ফল আসে ‘এবি পজিটিভ’, আর ক্লিনিকে আসে ‘এ পজিটিভ’। এ ছাড়া দেলোয়ারের রক্তের গ্রুপের ফল আসে হাসপাতালে ‘এবি পজিটিভ’ আর ক্লিনিকে আসে ‘এ পজিটিভ’।
হাসপাতাল ও ক্লিনিকে দুই রকমের ফল আসায় রাহিমা বেগমের স্বজনেরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাঁকে রক্ত দেওয়া বিলম্ব হতে থাকে। বিকেল চারটার দিকে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে এক ব্যাগ ‘বি পজিটিভ’ রক্ত সংগ্রহ করা হয়। তখন সেই রক্ত প্রসূতিকে দেওয়া হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক সুমন কুমার পোদ্দার বলেন, ‘ওই প্রসূতির রক্তক্ষরণ থামছিল না, তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। এমন পরিস্থিতিতে তাঁকে রক্ত দেওয়া জরুরি ছিল। হাসপাতালে ব্লাড ব্যাংক না থাকার কারণে বাহির থেকে রক্ত সংগ্রহ করতে হয়। তাঁকে বিকেলে রক্ত দেওয়া হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত।’
রাহিমা বেগমের ভাই শহীদুল ইসলাম বলেন, ‘একটি সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার ফল ভুল হবে কীভাবে? তাদের এ ভুলে আমার বোনের কোনো দুর্ঘটনা ঘটলে কে দায়িত্ব নিত?’
সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করেছেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আসলাম হোসেন। তিনি সদর হাসপাতালের কাছে অবস্থিত নিউ মেট্রো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের একজন মালিক। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘রক্তের গ্রুপ নির্ণয়ে আমাদের কোনো ভুল হয়েছি কি না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি আবার পরীক্ষা করে দেখব।’
শরীয়তপুরের সিভিল সার্জন নির্মল চন্দ্র দাস বলেন, ‘ওই ব্যক্তিদের রক্তের গ্রুপ আবার নির্ণয় করা হবে। হাসপাতাল ও ক্লিনিকে যাদের ফল ভুল হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’