রক্তের দাগ যায় না
কাজের সন্ধানে স্বামী গেছেন অন্যত্র। গৃহবধূ হাজেরা খাতুন একা। তাই সুযোগ বুঝে রাতে সিঁদ কেটে ঘরে ঢোকেন প্রতিবেশী আশরাফ আলী। এরপর ধর্ষণের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে পালিয়ে যান তিনি। এরপর লোকজন ছুটে গেলে আশরাফও ওই গৃহবধূকে হাসপাতালে নেওয়ার আয়োজন করতে থাকেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তাজা রক্তের দাগ দেখে তাঁকে ধরে ফেলেন প্রতিবেশীরা। পরে মারা যান হাজেরা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিলের মোয়াকুড়া গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া আশরাফ গতকাল রোববার সকালে নালিতাবাড়ী থানায় সাংবাদিকদের বলেন, হাজেরার স্বামী আলী মিয়ার (২৫) এক ভাইয়ের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়েছে। তাঁরা পাশাপাশি বাড়িতে থাকেন। আলী মিয়া কাজের সন্ধানে কিশোরগঞ্জে গেছেন এবং বাড়িতে হাজেরা একা আছেন—এ খবর পেয়ে তিনি সিঁদ কেটে হাজেরার ঘরে ঢোকেন। তিনি তাঁকে ধর্ষণ করার চেষ্টা করলে হাজেরা তাঁকে ধরে চিৎকার শুরু করেন। আশরাফ বলেন, তিনি নিজেকে বাঁচাতে হাজেরাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। প্রতিবেশীরা ছুটে এলে তিনি তাঁদের সঙ্গে মিশে মুমূর্ষু হাজেরাকে হাসপাতালে নেওয়ার আয়োজন করতে থাকেন। এ সময় তাঁর জামাকাপড়ে রক্ত দেখে উপস্থিত সবার সন্দেহ হয় এবং তাঁরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।হাজেরার মা ময়মননেছা জানান, মৃত্যুর আগে তাঁর মেয়ে আশরাফকে হামলাকারী হিসেবে শনাক্ত করে গেছেন। তিনি জানান, হাজেরাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গণি বলেছেন, গ্রেপ্তার হওয়া আশরাফ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে নহত গৃহবধূর ব াবা কছম আলী হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।