ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভাষাসৈনিক ডা. হালিমা খাতুন। তিনি বলেন, যেসব ভাষাশহীদের রক্তে ঢাকার মাটি ভিজেছিল, তাঁদের রক্তের দাম পরিশোধের জন্যই নতুন প্রজন্মকে মাতৃভাষা ও তার ইতিহাস জানতে হবে। বুকে ধারণ করতে হবে বর্ণমালার চেতনা, অনুভব করতে হবে বাংলা ভাষার মাধুর্য।রাজধানীর বেইলী রোডে গতকাল রোববার জাতীয় মহিলা সংস্থা আয়োজিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব অডিটোরিয়ামে হালিমা খাতুনকে সংবর্ধনাকালে তিনি এসব কথা বলেন। ভাষাসৈনিককে চাদর পরিয়ে সম্মানিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম।অনুষ্ঠানে মহিলা ও শিশু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন বেগমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।