রক্ষণাবেক্ষণহীন লিফট ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা এড়াতে লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার বলে মত প্রকৌশলীদের। ফাইল ছবি
দুর্ঘটনা এড়াতে লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার বলে মত প্রকৌশলীদের। ফাইল ছবি

বৃহস্পতিবার মধ্যরাতে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের লিফটে আটকা পড়েছিলেন দুই প্রতিমন্ত্রী। এরপর ২৪ ঘণ্টা পেরোয়নি। এর আগেই শুক্রবার বিকেলে ছিঁড়ে পড়ল উত্তরার একটি বহুতল বিপণিবিতানের লিফট। প্রকৌশলীরা বলছেন, যাঁদের বাড়ির লিফট ১০-১৫ বছরের পুরোনো, তাঁদের সাবধান হওয়া উচিত। লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ইমারত নির্মাণ বিধিমালাতেই লিফট বসানোর ব্যাপারে পালনীয় নিয়মকানুনের কথা বলা আছে। ভবনের উচ্চতা অনুযায়ী লিফটের আকৃতি, প্রকার কেমন হবে—সেগুলো পরিষ্কারভাবে বিধিমালায় বলা আছে। বিধিমালা অনুসরণ করে লিফট লাগানোর পর প্রতি ছয় মাসে একবার অন্তত লিফট রক্ষণাবেক্ষণ করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লিফট পঞ্চাশের দশকে লাগানো হলেও সেটি কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে চলছে, শুধু ঠিকমতো রক্ষণাবেক্ষণের কারণে।
বুয়েটের একই বিভাগের আরেক শিক্ষক আরিফ হাসান মাহমুদ বলেন, লিফট ছিঁড়ে পড়া খুব সহজ নয়। প্রতিটি লিফটে ৪ থেকে ১২টি পর্যন্ত মোটা ধাতব তার থাকে। লিফটের গায়ে যে ধারণক্ষমতা লেখা থাকে, তার চার গুণ ওজন তোলা হলেও লিফট ছিঁড়ে পড়ার কথা নয়। চারটি ধাতব তারের তিনটি ছিঁড়ে গেলেও শুধু একটি তার লিফটকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। এ ছাড়া লিফটে ‘স্পিড গভর্নর’ আছে, তার ছিঁড়ে লিফট নিচের দিকে নামতে থাকলে স্পিড গভর্নর গতি নিয়ন্ত্রণ করে ও থামিয়ে দেয়। তিনি আরও বলেন, ধাতব তার ছিঁড়ে যাওয়ার বেশ আগেই আয়তনে লম্বা হয়ে যায়। তখন লিফট মেঝের সঙ্গে মিশে না গিয়ে ওপরে বা নিচে গিয়ে থামে। যেসব ভবনে নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ হয়, সেখানে এমন উপসর্গ দেখা গেলেই ভবনমালিকদের ব্যবস্থা নেওয়ার কথা।
তবে যন্ত্রকৌশল বিভাগের বিশেষজ্ঞরা আরও বলছেন, স্পিড গভর্নরের দাম লাখ খানেক টাকা। অনেক অসচেতন মানুষ টাকা বাঁচাতে কখনো কখনো এই স্পিড গভর্নর লাগান না। সেখানেও বিপত্তি ঘটে।
ঢাকা শহরের বহুতল ভবনে লিফটগুলোর কী অবস্থা, জানতে চাইলে আবাসন প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, তাঁরা ভবন হস্তান্তরের সময় ভবনমালিকদের সঙ্গে লিফট সরবরাহকারীদের যোগাযোগ করিয়ে দেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন। দায়িত্বটা ভবনমালিকদের। রক্ষণাবেক্ষণের পাশাপাশি লিফটের যে ধাতব তার, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো হলে পরিবর্তন করে নেওয়া উচিত।