
ঢাকার মাটি ভালো, যথেষ্ট শক্ত। ফলে এক সড়ক একবার মেরামতের পর তা বেশ কয়েক বছর হাত দেওয়ার কথা নয়। এভাবে প্রতিবছর মেরামত খাতে ব্যয় কমে যাওয়ার কথা। কিন্তু সিটি করপোরেশনের বাজেট বলছে উল্টো কথা। এর মানে কোথাও গলদ আছে। সম্ভবত একই সড়ক বারবার মেরামত করা হয়।
ঢাকায় সড়ক বেহাল হওয়ার জন্য তিনটি বড় কারণ আছে। বর্ষার পানি জমে থাকা ও অতিরিক্ত ওজনের যান চলাচলের বিষয়টি সবার জানা। আরেকটি কারণ, সিটি করপোরেশনের মেরামত ও রক্ষণাবেক্ষণ-ব্যবস্থায় গলদ। সিটি করপোরেশন সড়কে ছোট গর্ত হলে তা বড় হওয়ার জন্য অপেক্ষা করে। এরপর দরপত্র আহ্বান করে। তত দিনে আর তা চলাচলের অবস্থায় থাকে না। ঠিকাদার তাঁর অতি মুনাফার লোভে কিংবা দরপত্র নেওয়ার সময় যে হিসাব করা হয়েছিল, এর চেয়ে বেশি ব্যয়ের ভয়ে কোনো রকমে কাজ শেষ করে, যা স্থায়ী হয় না। এখন বিশ্বের অনেক দেশে ভাঙার আগেই মেরামতের জন্য লোক ঠিক করে রাখা হয়। বলা হয় যে এই সড়ক ঠিক রাখার বিনিময়ে নির্ধারিত মূল্য দেওয়া হবে। এটাকে বলে ‘পারফরম্যান্স বেজড মেইনটেন্যান্স’।
সড়কের মোড়ে কিংবা যেখানে যানবাহন বেশি থামে, সেখানে গর্ত হয় বেশি। এ জন্য এসব স্থানে ঢালাই দিয়ে সড়ক নির্মাণ করা যেতে পারে।
অধ্যাপক সামছুল হক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পুরকৌশল বিভাগ