রক্ষণাবেক্ষণে ভবন-মালিকদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌচাক মার্কেট যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে ভবন-মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কেটের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ অব্যাহত রাখতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার এ আদেশ দেন। মার্কেটের দোকান মালিক সমিতির পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

এই আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও রেজা-ই-রাব্বি খন্দকার। ভবন-মালিক জেড কে লিমিটডের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

ভবন-মালিকের কৌঁসুলি মোতাহার হোসেন বলেন, ভবন-মালিককে যথাযথভাবে মার্কেটটি রক্ষণাবেক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনকারীর আইনজীবী রেজা-ই-রাব্বি খন্দকার প্রথম আলোকে বলেন, মৌচাক মার্কেটের দোকান বন্ধ রাখতে দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করেন। এরপর থেকে দোকান-মালিকেরা নিজ দায়িত্বে ওখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে অন্য কয়েকটি মার্কেটের মালিকেরা এই মার্কেটের দোকান-মালিকদের উচ্ছেদের জন্য সম্প্রতি গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে নানা ব্যবস্থা নেন।