রক্ষণাবেক্ষণের টাকায় ভাগ বসিয়েছে শিক্ষা কার্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার ১০ বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত ১০ লাখ টাকা থেকে ১৩ হাজার টাকা করে বিদ্যালয়প্রতি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়।
সূত্র জানায়, বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য ২০১২-১৩ অর্থবছরে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক লাখ টাকা করে ১০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। সেখান থেকে গত ৩০ জুন প্রথম দফায় ৫৪ হাজার ৫০০ টাকা করে দেওয়া হলে ওই দিনই বিদ্যালয়প্রতি ১৩ হাজার টাকা করে আদায় করে শিক্ষা কার্যালয়। বর্তমানে ওই এক লাখ টাকার মধ্যে বাকি ৪৫ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে এবং রক্ষণাবেক্ষণ কাজও চলছে।
জানা গেছে, উপজেলার ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরিন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুন্ধীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খোর্দ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বরাদ্দের আওতায় আনা হয়।
ওই বিদ্যালয়গুলোর একটির প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, ৩০ জুন টাকা উত্তোলনের দিনই আমাদের কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়ে নেয় অফিস।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, রক্ষণাবেক্ষণকাজ চলছে। তবে কোনো বিদ্যালয় থেকে টাকা নেওয়ার কথা সত্য নয়।