রক্ষা পেল অজগর
পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে লোকালয়ে এসে পড়েছিল অজগরটি। আশ্রয় নিয়েছিল একটি বাঁশঝাড়ে। আতঙ্ক সৃষ্টি হওয়ায় স্থানীয় লোকজন
মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বন্য প্রাণী সংরক্ষণের কাজে নিয়োজিত একটি সংগঠনের কর্মীদের চেষ্টায় প্রাণে রক্ষা পেয়েছে এটি।
গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জেটি রোড এলাকার একটি বাঁশঝাড় থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা এটিকে উদ্ধার করে তাঁদের হেফাজতে নিয়ে গেছেন।
স্থানীয় ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল শহরের জেটি রোডের জৈনকা ছড়ার পাড়ে আবদুল মালিকের বসতঘরের পাশে বাঁশঝাড়ে গতকাল সকালের দিকে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয় লোকজন।
একপর্যায়ে লোকজন লাঠিসোঁটা নিয়ে অজগরটিকে মারতে যায়। অজগরটিও মানুষের দিকে তেড়ে আসে। একপর্যায়ে এটি বাঁশঝাড়ের ওপরের দিকে উঠে যায়। অজগরটিকে মেরে ফেলা হচ্ছে—এ রকম খবর পেয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
তাঁরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বাঁশঝাড়ের মাথা থেকে অজগরটিকে নামিয়ে তাঁদের হেফাজতে নিয়ে যান। লোকজনের লাঠির আঘাতে অজগরটি কিছুটা আহত হয়েছে। এটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং ওজন প্রায় ৩৫ কেজি।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সিতেশ রঞ্জন দেব বলেন, অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে জৈনকা ছড়া দিয়ে পাহাড়ি ঢলে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এটি বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছিল। মানুষ সাপ দেখলেই মেরে ফেলতে চায়। লাঠির আঘাতে এটি বেশ জখম হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার লামুয়া মসজিদের কাছে কিছুদিন আগে আরও একটি অজগর ধরা পড়েছে। লোকজনের বল্লমের আঘাতে সেটিও আহত হয়েছে।
গত কয়েক দিনে আরও দুটি অজগর ধরা পড়েছে। এগুলো কিছুদিনের মধ্যেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।