রক্ষা পেল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লি থেকে বুধবার এক কিশোরী (১৪) পালিয়ে এসেছে। স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। ওই কিশোরীকে যৌনপল্লিতে নিয়ে আসার অভিযোগে পুলিশ দুই সর্দারনিকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল আটটায় রথখোলা যৌনপল্লি থেকে বের হয়ে এক কিশোরী শরীয়তুল্লাহ বাজার এলাকায় চলে আসে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে এই কিশোরীকে কোতোয়ালি থানায় সোপর্দ করে। কিশোরী জানায়, তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সাথী নামের এক নারী মঙ্গলবার তাকে ফরিদপুরের রথখোলা যৌনপল্লিতে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর মৌসুমী নামে এক সর্দারনি মঙ্গলবার সারা রাত তাকে একটি ঘরে আটকে রাখে। সকালে সুযোগ পাওয়া মাত্রই সে সেখান থেকে বের হয়ে আসে। এভাবে সে তার সম্ভ্রম রক্ষা করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, ওই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যৌনপল্লিতে নিয়ে আসার অভিযোগে মৌসুমী ও লিমা নামে দুই সর্দারনিকে পুলিশ গ্রেপ্তার করেছে।