রক্ষা পেল কিশোরী
ফরিদপুর শহরের রথখোলা মহল্লার যৌনপল্লি থেকে ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই যৌনপল্লির জয়নালের বাড়ির ভাড়াটিয়া সর্দারনী জাহানারা বেগমের জিমঞ্চা থেকে কিশোরীটিকে উদ্ধার এবং ওই সর্দারনীকে গ্রেপ্তার করে।ওই কিশোরী জানায়, তার বাড়ি বরিশাল জেলায়। সে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। তার বাবা ও মা দুজনই মারা গেছেন। এক মাস আগে কাজের সন্ধানে লঞ্চে করে বরিশাল থেকে ঢাকায় যায়। সেখানে গিয়ে সে নারী পাচারকারী চক্রের হাতে পড়ে। ওই পাচারকারী চক্র গত শনিবার দুপুরে তাকে ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লিতে নিয়ে আসে। গ্রেপ্তার হওয়া যৌনপল্লির সর্দারনী জাহানারা বেগম বলেন, ‘১৫ হাজার টাকার বিনিময়ে আমি কিশোরীকে কিনেছি।’ তবে যার কাছ থেকে তিনি এই কিশোরীকে কিনেছেন তার নাম জানা নেই বলে তিনি দাবি করেন।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানার উপপরিদর্শক কাজল কুমার শর্মা বাদী হয়ে মানব পাচার আইনে জাহানার বেগমকে আসামি করে শনিবার রাতেই মামলা দায়ের করেছেন।গতকাল রোববার জাহানারার পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ওই কিশোরীকে আদালতের মাধ্যমে শহরের টেপাখোলা এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনে (সেফ হোম) পাঠানো হয়েছে।