রক্ষা পেল ছয় কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় গত বুধবার রাতে সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৩) বিয়ের আয়োজন করেছিল পরিবার। বর ছিল একই উপজেলার চিরাং ইউনিয়নের ১৬ বছর বয়সী আরেক কিশোর। পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে তারা।

ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের হস্তক্ষেপে গত দুই দিনে আরও চার জেলায় পাঁচটি বাল্যবিবাহের ঘটনা বন্ধ হয়েছে।

ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, িনজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, বুধবার রাত ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়া সদরের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এক কিশোরের বিয়ের ক্ষণ নির্ধারণ করা হয়। বর ও তার আত্মীয়স্বজন কনের বাড়ি হাজির হন। আসেন কাজিও। স্থানীয় মানুষের কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ হাজির হয় কনের বাড়ি। এ সময় বর, তার স্বজনেরা ও কাজি সটকে পড়েন।

কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ছাত্রীটির বাবা-মাকে বাল্যবিবাহের কুফল বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে।

ঢাকার ধামরাইয়ের ইউএনও হস্তক্ষেপে গতকাল একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ইউএনও কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৩) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ইউএনও আবুল কালাম পুলিশ নিয়ে কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে বরকে আটকের নির্দেশ দেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বর ও কনেপক্ষ ক্ষমা চায় ও বিয়ে বন্ধ রাখার অঙ্গীকার করে। বরকে দুই হাজার, কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের একটি গ্রামে বুধবার রাতে এক কিশোরীর (১৫) বিয়ে ঠেকান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। মেয়েটি নবম শ্রেণির ছাত্রী। নাজমুল হোসাইন জানান, মেয়ের অমতে বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি ইউএনও হুমায়ুন কবিরকে অবহিত করে এলাকাবাসী। সন্ধ্যায় তাঁর নির্দেশে বিয়ে বন্ধ করা হয়।

নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের এক গ্রামে গতকাল বাল্যবিবাহ ঠেকান সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলাম। অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) সঙ্গে কামারপুকুরের এক ছেলের বিয়ে ঠিক করা হয়েছিল। মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করে বিয়ে বন্ধ করা হয়।

এদিকে পরিবারের পক্ষ থেকে বাল্যবিবাহের প্রাথমিক আলোচনা শুরুর খবর পেয়ে বুধবার এ ধরনের দুটি বিয়ের উদ্যোগ থামিয়ে দেয় ময়মনসিংহের ধোবাউড়া থানা-পুলিশ। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন ধোবাউড়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে কয়েক মাস ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক সভা করে আসছেন। বুধবার দুপুরে হালুয়াঘাট ডিগ্রি কলেজে সভা করার সময় তাঁর মুঠোফোনে একজন খুদে বার্তা দিয়ে জানান, পোড়াগড়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে পাকাপাকি হয়েছে। পরে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। একই দিন রাতে আলমগীর হোসেনের মুঠোফোনে আরেকটি খুদে বার্তায় এক স্কুলছাত্র জানায়, তারাইকান্দি গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের জন্য পাত্রপক্ষের সঙ্গে কথাবার্তা বলছেন মেয়েটির বাবা। দ্রুত পুলিশ গিয়ে এ বিয়ের উদ্যোগ বন্ধ করে দেয়।

সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘ধোবাউড়ার সব শিক্ষার্থীর কাছে আমার মুঠোফোন নম্বর দেওয়া আছে। বাল্যবিবাহের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’