রক্ষা পেল জিন্দা পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজউকের কাছ থেকে ইজারা নিয়ে গড়ে তোলা জিন্দা পার্কটি অবশেষে রক্ষা পেয়েছে। পার্কটির প্রতিষ্ঠাতা সংগঠন অগ্রপথিক পল্লী উন্নয়ন সমিতি, এলাকাবাসী এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতাদের তীব্র আন্দোলনের মুখে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পরে সমঝোতার মাধ্যমে চারটি সাইনবোর্ড লাগিয়ে পার্কটি রাজউক দখলে নেয়। পার্কটি পরিচালনার দায়িত্ব অগ্রপথিক পল্লী সমিতিকেই দেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজউকের নীতিনির্ধারকেরাই।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত পার্ক উচ্ছেদ অভিযান নিয়ে টানটান উত্তেজনা চলার পর এই সমঝোতা হয়। উচ্ছেদ অভিযানকে ঘিরে সকাল থেকে পার্কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন অগ্রপথিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। অপরদিকে উচ্ছেদ অভিযান চালাতে ঘটনাস্থলে প্রস্তুত থাকেন রাজউকের লোকজন ও ৩০ প্লাটুন পুলিশ সদস্য।
সমঝোতার পর পার্কের সামনে একটি সাইনবোর্ড লাগানো হয়। সেখানে লেখা রয়েছে ‘রাজউকের অধিগ্রহণকৃত সম্পত্তি’, পরিচালনায় ‘অগ্রপথিক সমবায় সমিতি’। তবে এর আগে পার্কটির সামনে রাজউকের লাগানো একটি সাইনবোর্ড উপড়ে ফেলেন সমিতির সদস্য ও গ্রামের বাসিন্দারা। ওই সাইনবোর্ডে লেখা ছিল ‘রাজউকের অধিগ্রহণকৃত সম্পত্তি, সর্বসাধারণের প্রবেশ নিষেধ’। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে উচ্ছেদের জন্য ৫০০ সদস্যের ৩০ প্লাটুন পুলিশ সদস্য জিন্দা পার্কে যান। তখন এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং বি সার্কেলের সহকারী পুলিশ সুপার জীবনকান্তি সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য পার্কের সামনের রাস্তায় অবস্থান নেন।
জিন্দা পার্কের যাত্রা শুরু হয় ১৯৮১ সালে। অগ্রপথিক পল্লী সমিতির প্রায় পাঁচ হাজার সদস্য ১০০ বিঘা জমির ওপর এ পার্কটি গড়ে তোলেন।