রক্ষা পেল জয়নাবের ঘর
অবশেষে রক্ষা পেল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব খীলমোগল গ্রামের জয়নাব বেগমের ঘরটি। জমি দখলের জন্য প্রভাবশালীরা গতকাল মঙ্গলবার ঘরটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। কিন্তু স্থানীয় লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশের উদ্যোগ নেওয়ায় তাঁরা ঘরটি ভাঙতে পারেননি। জয়নাব বেগম অভিযোগ করেন, গ্রামের মোহামঞ্চদ আলী, জাকারিয়া সিরাজ ও আবদুল খালেক দুই মাস আগে হোচনাবাদ মৌজার বিএস ৪৭৫০ দাগের ১৮ শতক জমি কিনেন। ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক তাঁর (জয়নব) মা, পাঁচ ভাই ও পাঁচ বোন। পাঁঁচ ভাই ও দুই বোনের অংশ কিনে অভিযুক্তরা দাগের পুরো ৩০ শতক জমি দখলের চেষ্টা করছেন। এর অংশ হিসেবে তাঁরা ১২ মে তাঁর বসতঘরের চারপাশে লাগানো ১৫০টি গাছ কেটে নিয়ে যান। সেই সঙ্গে ভিটা থেকে ১৫ মের মধ্যে বসতঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে গত ১৪ মে প্রথম আলোতে ‘ঘরটি গুঁড়িয়ে দেওয়া হবে কাল!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর লালানগর ইউপির চেয়ারম্যান এম শাহ আলম তালুকদার ও রাঙ্গুনিয়া থানার কয়েকজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এ সময় প্রভাবশালীদের ঘরটির কোনো রকম ক্ষতি না করার নির্দেশ দেন।