রক্ষা পেল দুই স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলায় দুই স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। গত শুক্রবার উপজেলা প্রশাসন বোদা উপজেলার বড়শশী এলাকায় গিয়ে এক স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেন।
একইভাবে গত বৃহস্পতিবার সদর উপজেলার রৌশনাবাগ মহল্লার অপর এক স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মৃত আব্দুস সামাদের মেয়ে শারমিনের (১১) বিয়ের দিন ঠিক করা হয়। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বরযাত্রীরা কনের বাড়িতে হাজির হয়। এ সময় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহ উদ্দিন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বাল্য বিবাহ বন্ধ করার নির্দেশ দেন।
পরে ইউএনওর নির্দেশে পুলিশ কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। শারমিন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান বিয়ে বন্ধ করার সত্যতা নিশ্চিত করেছেন।
পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সদর উপজেলার রৌশনাবাগ মহল্লার সাইদুর রহমানের মেয়ে আয়েশার (১৫) সঙ্গে গত বৃহস্পতিবার রাতে গলেহা পেত্নীরহাট গ্রামের মফিজুল ইসলামের (২২) বিয়ে হওয়ার কথা ছিল। এলাকাবাসীর কাছ থেকে বরযাত্রী আসার আগেই পঞ্চগড় থানার পুলিশ কনের বাড়িতে গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেয়। আয়েশা পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।