রক্ষা পেল মেয়ে, বাবা চিরনিদ্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার সময় গত বৃহস্পতিবার দুপুরে হাতেনাতে ধরা পড়েন শামীম আহম্মেদ (২৪)। খবর পেয়ে পুলিশ এসে বখাটে শামীমকে আটক করে সদর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সঙ্গে যান মেয়েটির বাবাসহ কয়েকজন। ফাঁড়ির বারান্দার সামনে গিয়ে পড়ে যান ছাত্রীটির বাবা। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জানা যায়, শহরের চুড়িপট্টি মার্কেটের এক ব্যবসায়ীর মেয়ে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে ১০-১২ দিন ধরে উত্ত্যক্ত করছে সদরের ফাঁপোর মধ্যপাড়ার শামীম। উত্ত্যক্তের শিকার মেয়েটি তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় এবং ঘটনাটি তার পরিবারকে জানায়। বৃহস্পতিবার বখাটে শামীমকে ধরতে ওই ছাত্রীর বাবা, চাচা, মামাসহ কয়েকজন শহরের সার্কিট হাউস সড়কে বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটা ২০ মিনিটের দিকে বিদ্যালয় ছুটির পর মেয়েটি বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা করে। এ সময় শামীম গিয়ে মেয়েটির হাত ধরে টানাটানি শুরু করেন। সঙ্গে সঙ্গে মেয়েটির বাবাসহ অন্যরা শামীমকে আটক করে চড়-থাপড় মারেন। খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শামীমকে ফাঁড়িতে নিয়ে যান। সঙ্গে যান মেয়ের স্বজনেরা। ফাঁড়ির বারান্দার সামনে মেয়েটির বাবা মাথা ঘুরে পড়ে যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, বখাটে শামীম বিবাহিত। তিনি কাহালু ডিগ্রি কলেজে পড়ার কথা বললেও প্রকৃতপক্ষে তিনি পড়ে না। পুলিশের সামনেই শামীম বলেন, মেয়েটির হাত ধরে তিনি টানাটানি করেছেন। ওই ছাত্রী জানায়, শামীম বেশ কয়েক দিন ধরে তাকে উত্ত্যক্ত করছিল। তার বাবা গিয়ে শামীমকে হাতেনাতে ধরেছেন। এ নিয়ে দুশ্চিন্তা করে তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। ছাত্রীটির মামা জানান, মেয়েকে উত্ত্যক্ত করায় তাঁরা স্বামী-স্ত্রী মানসম্মান নিয়ে বেশি ভাবছিলেন। এ কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।