রক্ষা পেল মেয়েটি
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী পাঠানপাড়া গ্রামের এক কিশোরী পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওই গ্রামের আজিজুল হকের মেয়ে সোনালী খাতুনের সঙ্গে একই গ্রামের আবুল কাশেমের ছেলে তাপন বিশ্বাসের (২১) বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে কাজি বিয়ে পড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় বাল্যবিবাহের অভিযোগে ম্যাজিস্ট্রেট বিয়ে বন্ধ করে দেন। মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর জানান, বিয়েবাড়িতে গিয়ে জানতে চাইলে পাত্রীপক্ষ মেয়ের বয়স ১৯ বলে দাবি করে। পরে শোলমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ভর্তির রেজিস্ট্রার থেকে জানা যায়, সোনালীর বয়স ১৩ বছর ছয় মাস। বিষয়টি জানাজানি হলে কাজি ও পাত্রপক্ষ কনের বাড়ি থেকে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান চাঁদ আলীর অভিযোগ, পাত্রীপক্ষ ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ না নিয়েই বিয়ে দিচ্ছিল। সোনালীর বাবা আজিজুল হক জানান, সোনালী শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে।