রক্ষা পেল শিশুটি
বিদ্যালয়ে যেতে রাজি না হওয়ায় পাঁচ বছর বয়সী মেয়েকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন মা। কিছুক্ষণ পুকুরের পানিতে থাকলেই প্রাণ হারাত সে। কিন্তু এক ব্যক্তির মহানুভবতায় বেঁচে গেছে সে। ওই ব্যক্তি তাকে পুকুর থেকে উদ্ধার করেছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে। শিশুটির মা তাকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।
শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর নাম মিথিলা আক্তার (৫)। তার বাবার নাম মামুন সরকার (৩৫)। মায়ের নাম সাবিনা ইয়াসমিন (২৫)। শিশুটি স্থানীয় নাগদা কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ে। পারিবারিক কলহের জেরে তিন বছর আগে তার মা–বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তখন থেকে উপজেলার নাগদা গ্রামে খালার বাড়িতে শিশুটি তার মা ও নানির সঙ্গে থাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় শিশুটিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য চাপ দেন তার মা। যেতে না চাইলে শিশুটির ওপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে একটি বস্তার ভেতরে ভরে তাকে পাশের একটি বড় পুকুরে ফেলে দেন। সে সময় ওই গ্রামের মো. ইমতিয়াজ নামের এক ব্যক্তি ঘটনাটি দেখে ফেলেন। তিনি দ্রুত পুকুর থেকে শিশুটিকে তুলে আনেন। গ্রামবাসী বিষয়টি থানায় জানালে গতকাল সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে শিশুর মা ও নানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
শিশুর মা সাবিনা ইয়াসমিন দাবি করেন, বিদ্যালয়ে যেতে না চাওয়ায় এবং ঠিকমতো লেখাপড়া না করায় তিনি মেয়ের ওপর ক্ষিপ্ত হন। ভয় দেখানোর জন্যই মেয়েকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। হত্যার উদ্দেশ্যে এ কাজ করেননি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা ও নানিকে থানায় এনে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।