রক্ষা পেলেন অসহায় বৃদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিয়ম নেচ্ছাকে দেখতে গতকাল সকালে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিন। এক দিন আগে তিনি গোয়ালঘরে পড়ে ছিলেন (ইনসেটে) l ছবি: প্রথম আলো
মরিয়ম নেচ্ছাকে দেখতে গতকাল সকালে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিন। এক দিন আগে তিনি গোয়ালঘরে পড়ে ছিলেন (ইনসেটে) l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলি গ্রামের মরিয়ম নেচ্ছা। বয়স ৯০ বছর। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। কিন্তু সন্তানেরা তাঁর দেখভাল করেন না। কিছুদিন ধরে ভিক্ষা করে চলেছেন। থাকেন এক ছেলের গোয়ালঘরে। কয়েক দিন আগে রাতের অন্ধকারে তাঁর একটি পায়ে শিয়ালে এসে কামড়ে দেয়। তবু ছেলেমেয়েরা তাঁর পাশে আসেননি। তাঁর চিকিৎসাও হয়নি। কাঁথা মুড়ি দিয়ে পড়ে ছিলেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আর এখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন একাধিক সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
মরিয়মের এমন করুণ কাহিনি নিয়ে গত রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ পোস্ট দেন ফুলবাড়িয়ার কয়েকজন সংবাদকর্মী। ওই দিনই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়। কয়েকটি অনলাইন পোর্টালে মরিয়মের সংবাদ প্রকাশিত হয়। গতকাল সোমবার একাধিক জাতীয় দৈনিক এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এর গতকাল সকাল নয়টায় ইউএনও লীরা তরফদার যান অসহায় মরিয়মকে দেখতে। খবর পেয়ে ছুটে আসেন ফুলবাড়িয়া আসনের সাংসদ মোসলেম উদ্দিন। জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের পক্ষ থেকে মরিয়মের খোঁজ ও চিকিৎসার ব্যবস্থা করতে গতকাল সকালে মরিয়মের বাড়ি যান ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ সালাহউদ্দিন আহমেদ। তাঁরা প্রত্যেকে মরিয়মের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। সমাজসেবা অধিদপ্তর বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মরিয়ম নেচ্ছাকে গতকাল সকালেই ইউএনওর উদ্যোগে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউএনও লীরা তরফদার বলেন, সংবাদপত্রে খবর পড়ে গতকাল সকালে বাড়িতে গিয়ে মরিয়ম নেচ্ছাকে কাঁথা গায়ে দিয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর পায়ে শিয়ালের কামড়ের চিকিৎসা শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন তাঁকে সব সুযোগ-সুবিধা দেবে। ফুলবাড়িয়ার সাংসদ মোসলেম উদ্দিন মরিয়মের অন্ন জোগানোর দায়িত্ব নিয়েছেন। আর বৃদ্ধ অসুস্থ মাকে মাটিতে ফেলে রাখার এ ঘটনায় মরিয়মের সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।
ইউএনও ও ফেসবুক সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে মরিয়ম নেচ্ছার স্বামী মারা যান। এরপর তাঁর ছেলেমেয়েরা বড় হয়ে যাঁর যাঁর মতো সংসার করছেন। তিন ছেলের মধ্যে দুজন জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এক ছেলে বাড়িতে থাকলেও মায়ের খোঁজখবর নিতেন না। বেঁচে থাকার তাগিদে মরিয়ম ভিক্ষাবৃত্তিতে নামেন। কিন্তু হাঁটতে কষ্ট হতো বলে দেড় বছর ধরে ভিক্ষা করতেও পারতেন না।