রক্ষা হলো না চাতলা বিল অভয়াশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবস্থিত হাকালুকি হাওরের চাতলা বিল (জলমহাল) অভয়াশ্রম রক্ষা করা গেল না। অভয়াশ্রমের তালিকা থেকে বাদ দিয়ে এ বিল সম্প্রতি একটি মৎস্যজীবী সমিতিকে ইজারা দেওয়া হয়েছে।এদিকে অভয়াশ্রম রক্ষার দাবিতে আন্দোলনকারী সংগঠন হাওর রক্ষা সংগ্রাম কমিটি এবং হাওর বাঁচাও-কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বিল অভয়াশ্রমটির ইজারা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাছের আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১০ এবং ২০১১ সালে ভূমি মন্ত্রণালয় চাতলাসহ হাকালুকির ১৮টি বিলের ইজারা বন্ধ করে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। এটির আয়তন প্রায় ৫১৮ একর। এ বিল ছয় বছর মেয়াদে (১৪১৯-১৪২৪ বাংলা সন) উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা পেতে উপজেলার শিমুলতলা গ্রামের জুড়ী ভ্যালি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক জমির আলী ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় কমিটির উপদেষ্টা এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সরকারদলীয় সাংসদ মো. শাহাব উদ্দিন বিলটি অভয়াশ্রমের তালিকা থেকে বাদ দিয়ে ইজারার পক্ষে মতামত দেন। গত ২৯ মে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জলমহাল ইজারা প্রদানসংক্রান্ত কমিটির সভায় প্রথম চার বছর বার্ষিক ২০ লাখ টাকা এবং পরবর্তী দুই বছর ২০ লাখ টাকার ২৫ শতাংশ বর্ধিত রাজস্ব মূল্যে বিলটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। ৯ আগস্ট মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ারুল হক বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত রাজস্ব আদায় করে ২১ অক্টোবর সংশ্লিষ্ট সমিতিকে বিলটির দখল বুঝিয়ে দেওয়া হয়। জুড়ী উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ‘এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে চাতলা বিল অভয়াশ্রমকে ইজারা দেওয়া মোটেই ঠিক হয়নি। অভয়াশ্রমটি ইজারা না দিতে আমরা ভূমি মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও ইউএনও বরাবর সঞ্চারকলিপি দিয়েছি। সভা-সমাবেশ করে এর যৌক্তিকতাও তুলে ধরেছি। এ ব্যাপারে এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ চাতলা বিল অভয়াশ্রমকে ইজারা দেওয়ার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আগেই চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে সাড়া পাওয়া যায়নি।’ গত ৩০ আগস্ট প্রথম আলোয় ‘হাকালুকির চাতলা বিল অভয়াশ্রম ইজারার সিদ্ধান্ত!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।