রক্ষাগোলা আন্দোলনে স্বনির্ভর আদিবাসীরা
রক্ষাগোলা আন্দোলনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২৬টি আদিবাসী পল্লির আট জাতিগোষ্ঠীর ১ হাজার ১০৫টি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মহাজনী শোষণের দুঃসময়কে জয় করে তারা সঞ্চয় করেছে ৩৬ লাখ ৫৭ হাজার ৩৫৮ টাকা।
গতকাল তাদের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য তুলে ধরা হয়। বেসরকারি সংস্থা সিসিবিভিও ২০০৬ সাল থেকে দরিদ্র নৃ-জাতিগোষ্ঠীর মানুষকে রক্ষাগোলা কর্মসূচির মাধ্যমে সংগঠিত করছে।
গতকাল শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট উচ্চবিদ্যালয় মাঠে ‘রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাধারণ সভা-২০১৪’ অনুষ্ঠিত হয়। অনষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুবল খালকা।
সভায় উপস্থাপিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোদাগাড়ী উপজেলার ২৬টি গ্রামে বর্তমানে ১ হাজার ১০৫টি পরিবারে ১ হাজার ৬৩০ জন নারী, ১ হাজার ৬২৪ জন পুরুষ, ১ হাজার ২০৩ জন মেয়েশিশু, ১ হাজার ২০৮ জন ছেলেশিশুসহ ৫ হাজার ৬৬৫ জন মানুষ সংগঠিত হয়েছে। গ্রামগুলোতে ওঁরাও, সাঁওতাল, রাজুয়াড়, পাহাড়িয়া, মুন্ডা, রায়, শিং ও হাজরা নৃ-জাতিগোষ্ঠীর বসবাস। এ পর্যন্ত তাদের সঞ্চিত মুষ্টিচাল ও ধান বিক্রি করে পাওয়া পুঁজির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ লাখ ৫৭ হাজার ৩৫৮ টাকা।
বক্তারা বলেন, এই গ্রামগুলোর মানুষ তাদের স্বনির্ভরতা, খাদ্য নিরাপত্তা অর্জনসহ অপরাপর আর্থসামাজিক-সাংস্কৃতিক অধিকার আদায়ে এগিয়ে চলেছে।