রক্ষার দেয়ালই কেড়ে নিল প্রাণ
পাহাড়ধস ঠেকাতে এবং আশপাশের জনবসতি রক্ষায় টাইগারপাস-সংলগ্ন বাটালি পাহাড়ে তিন বছর আগে প্রায় ৩৬০ ফুট দীর্ঘ প্রতিরক্ষা-দেয়াল নির্মাণ শুরু করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এরই মধ্যে ৩০০ ফুট দেয়ালের নির্মাণকাজও শেষ হয়েছে। অথচ এ দেয়ালই কেড়ে নিল ১২টি তাজা প্রাণ।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চার কোণা ও দুই স্তরবিশিষ্ট পুরো দেয়াল নির্মাণের জন্য ঠিকাদারদের পাঁচ ভাগে ভাগ করে কাজ বরাদ্দ দেওয়া হয়। পাহাড়ধসে ভেঙে পড়া অংশ নির্মাণ করেছেন ঠিকাদার মো. গিয়াস উদ্দিন। নির্মাণকাজে ত্রুটি, বিশেষ করে চিকন লোহার রড ব্যবহারের কারণে পাহাড়ধসে দেয়াল ভেঙে পড়ে বলে অভিযোগ রয়েছে।তবে গিয়াস উদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, সিটি করপোরেশনের শর্ত অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। আসলে বসতি গড়ে তোলার সময় দেয়ালের গোড়া থেকে সব মাটি সরিয়ে ফেলা হয়েছে। পানি সরানোর জন্য দেয়ালে অসংখ্য ছিদ্র ছিল। বস্তিবাসী এগুলো বন্ধ করে দেওয়ায় ভেতরে পানি জমেছে। এ কারণে দেয়াল ধসে পড়তে পারে।জানা গেছে, নির্মাণকাজ শেষ হওয়া ৩০০ ফুট পাহাড়ের পাদদেশে বসবাস করত অন্তত ৫০০ পরিবার। দেয়ালটির অন্তত ১০০ ফুট ২৫-৩০টি বেড়ার ঘরের ওপর ভেঙে পড়ে। আর এতে সব হারালেন রিকশাচালক বাচ্চু মিয়া। তিনি হারিয়েছেন স্ত্রী ও চার সন্তানকে। এদের মধ্যে মাত্র ১৫ দিন আগে তাঁর এক মেয়ের বিয়ে হয়েছিল।কাঁদতে কাঁদতে বাচ্চু মিয়া বলেন, ‘ওই দেয়ালটা পাহাড় ও আমাদের রক্ষার জন্য করা হয়েছিল। আজ সেটাই আমাদের ওপর ভেঙে পড়ল। আমাদেরই মারল।’পাহাড়ধসের সময় বাচ্চু মিয়া ছিলেন নিচের আরেকটি বস্তিঘরে। তাই দুর্ঘটনা থেকে তিনি বেঁচে যান। তবে তাঁর দ্বিতীয় স্ত্রী ও সন্তানেরা ছিলেন এই ঘরে।প্রশাসন সূত্রে জানা গেছে, দেয়াল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় আগের দিন বৃহস্পতিবার তাঁদের সেখান থেকে উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিছু কিছু পরিবার অন্যত্র চলেও যায়। কিন্তু পাঁচ-ছয়টি পরিবার যায়নি।সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘দেয়ালটি ঝুঁকিপূর্ণ বলেই আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের সরিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে তারা আবার ওই জায়গায় এসেছে।’কিন্তু বাচ্চু মিয়ারা এসব মানতে রাজি নন। অধিক শোকে নির্বাক। বাচ্চু মিয়া বলেন, তাঁর বড় মেয়ে শারমিন আক্তার গত বৃহস্পতিবার বাপের বাড়ি আসেন। ‘মাত্র ১৫ দিন আগে তার বিয়ে হয়। কাল আমাদের বাড়িতে আসে জামাইসহ। বর তাঁকে রেখে চলে যায়। আজ মেয়ের লাশ নিয়ে আমাকে বাড়ি ফিরতে হচ্ছে।’দুর্ঘটনায় আরেক ভাগ্যাহতের নাম মিনু আক্তার। বিকেল চারটা পর্যন্ত মিনু, তাঁর স্বামী ও সন্তানদের লাশ উদ্ধার হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন মিনুর বড় বোন জরিনা বেগম। তিনি বলেন, ‘আমরা সাত বোনের মধ্যে মিনু সবার ছোট। সেই বোনকে আর দেখতে পাব কি না জানি না।’পরে বিকেল পাঁচটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তখন জরিনা ও অন্য হতাহতদের স্বজনদের কান্নায় টাইগারপাস-সংলগ্ন আমবাগান এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করতে থাকেন।এ সময় ক্ষোভ প্রকাশ করে রীনা আক্তার ও মুসলিম উদ্দিন বলেন, ‘পাহাড় রক্ষার জন্য দেয়াল নির্মাণ চলছে সেই দু-তিন বছর আগে থেকে। কিন্তু সেটা এখনো হলো না। শেষ হওয়ার আগেই দেয়ালটা ভেঙে পড়ল।’ভেঙে পড়া দেয়ালটির নির্মাণে ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে উপস্থিত প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, দেয়ালটির নিচের মাটি সরে গেছে। তাই এটি ধসে পড়তে পারে। বিষয়টি তদন্ত করে দেখা দরকার।’