রগ কর্তন ও ছাত্রলীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফায় সগির মল্লিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে রগ কেটে দেওয়া ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে পাল্টাপাল্টি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দুটি করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সাফা ডিগ্রি কলেজের সামনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নির্দলীয় সাংসদ রুস্তম আলী ফরাজীর উপস্থিতিতে তাঁর সমর্থক সগির মল্লিককে (৩৫) কুপিয়ে বাঁ হাতের রগ কেটে দেন ছাত্রলীগের নেতা মামুনুর রশিদ ওরফে পিঞ্জু শাহ্। এ ঘটনায় সগিরের ভাই আলম মল্লিক মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মামুনুর ও তাঁর তিন সহযোগীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে নয়টায় সাফা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর বাদী হয়ে ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন দেওয়ার অভিযোগে আলম মল্লিকসহ নয়জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করেন।
আলম মল্লিক অভিযোগ করেন, ভাইয়ের রগ কেটে দেওয়ার ঘটনায় মামুনুরের বিরুদ্ধে থানায় মামলা করায় ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর ও ছবি পোড়ানোর ঘটনা সাজিয়ে থানায় পাল্টা মামলা দেওয়া হয়েছে।
মামুনুর রশিদ দাবি করেন, বিকেল সাড়ে চারটার দিকে আলম মল্লিকের নেতৃত্বে কার্যালয়টি ভাঙচুর ও ছবি পোড়ানো হয়।
ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন তালুকদার বলেন, ‘আমি কার্যালয় ভাঙচুরের ঘটনা দেখিনি। তবে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।