
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহপ্রচার সম্পাদক ও নগরের বোয়ালিয়া থানা (উত্তর) ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, রগ কেটে দেওয়ার ঘটনায় শিবিরের সম্পৃক্ততা এবং ছাত্রলীগের একটি অংশের সহায়তা রয়েছে বলে স্বীকার করেছেন মাসুম।
তবে শিবির এক বিবৃতিতে অভিযোগ করেছে, আবদুল্লাহ আল মাসুমের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে মাসুমকে আটক করা হয় রাতে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আটক মাসুমকে হাজির করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, মাসুমের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় ট্যাক্সিচালক ফারুক হত্যা ও রমনা থানায় গাড়ি ভাঙচুর মামলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আখেরুজ্জামান তাকিমের পায়ের রগ কাটা, নগরের শালবাগান এলাকায় এস আই জাহাঙ্গীরের ওপর হামলা, রানীবাজারে পিএসআই মকবুলের ওপর বোমা হামলা করে হাত উড়িয়ে দেওয়াসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে মাসুম দাবি করেন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে শিবিরের বিরুদ্ধে অস্ত্রবাজি করে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন এবং সাবেক সহসভাপতি (বর্তমানে কেন্দ্রীয় সদস্য) আখেরুজ্জামান তাকিম। এর পর থেকেই সুযোগের অপেক্ষায় ছিল শিবির। তুহিন এবং তাকিমের সঙ্গে যারা ঘুরে বেড়াত, তাদের কেউ কেউ শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিল।
মাসুম আরও দাবি করেন, ছাত্রলীগের একটি অংশের সঙ্গে শিবিরের শর্ত ছিল, তুহিনের ওপর হামলার পর শিবির ক্যাডারদের নিরাপদে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই শর্ত মোতাবেক ছাত্রলীগের ওই অংশের দেওয়া তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়। তবে ছাত্রলীগের কারা বা শিবিরের কে কে হামলায় অংশ নেন, তা তিনি বলতে রাজি হননি। মাসুমের দাবি, ছাত্রশিবিরের অনেক নেতা-কর্মীই ছাত্রলীগের মধ্যে রয়েছেন, যাঁরা ছাত্রলীগের সঙ্গে মিশে গেছে। এ বছরের ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে রগ কেটে দেওয়ার ঘটনায় শিবিরের সম্পৃক্ততার কথা স্বীকার করেন শিবিরের এই নেতা।
২২ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিত্সাধীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন। এর আগে গত বছরের ২১ নভেম্বর চোরাগোপ্তা হামলার শিকার হন আখেরুজ্জামান তাকিম। হামলাকারী ক্যাডাররা তাকিমকে এলোপাতাড়ি রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাঁর বাম পায়ের ও একটি হাতের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
আবদুল্লাহ আল মাসুমকে রাজশাহীতে বিভিন্ন সময়ে জামায়াত-শিবিরের নাশকতার ‘মূল সমন্বয়কারী’ হিসেবে উল্লেখ করে নগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজশাহীতে পুলিশের ওপর হামলা, নাশকতা, ছাত্রনেতাদের ওপর হামলাসহ প্রায় প্রতিটি নাশকতার সঙ্গে মাসুমের সম্পৃক্ততা রয়েছে। তাঁর সাংগঠনিক পরিচয় খুব বড় না হলেও সাংগঠনিক ক্ষমতা অনেক শক্তিশালী।’ মাসুম নিজেই রাজশাহী নগরে বিভিন্ন সময়ে ৬০ থেকে ৭০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন বলে দাবি করেন পুলিশ কমিশনার।
সংবাদ সম্মেলনে মাসুম নাশকতার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেন, এর আগে ২০১১ সালের ২২ জুলাই ঢাকার গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। সেই সময় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। তারপর থেকেই রাজশাহীতে শিবিরের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন তিনি। তিনি আরও বলেন, ‘রাজশাহী বিভাগের রাজনীতি পরিচালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয় যে ছাত্রসংগঠনের দখলে থাকবে, তাঁরা শক্তিশালী হবে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে শিবির।’
নগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, ‘আমরা গত এক বছর থেকে মাসুমকে ধরার জন্য কঠোর পরিশ্রম করে গেছি। তাঁর পেছনে ছুটে বেড়িয়েছি। অবশেষে আমরা তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। তাঁকে আটক করে পুলিশ বেশকিছু অভিযান পরিচালনা করেছে। সেই অভিযান এখনো অব্যাহত আছে।’
মাসুম রাজশাহী নগরের উপশহর তেরখাদিয়া পশ্চিমপাড়ার মৃত আবদুর রাজ্জাকের ছেলে। ২০০৭ সাল থেকে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছেন। সেই সময় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মাসুম বর্তমানে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটিতে বিএসসি দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহা. আশরাফুল আলম ইমন, সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহইয়া ও সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহরিয়ার তুহিনের ওপর হামলার সঙ্গে শিবিরের জড়িত থাকার বিষয়ে আবদুল্লাহ আল মাসুমের মুখ থেকে বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘২২ আগস্ট রাত ১০টায় তেরখাদিয়ার বাসা থেকে গোয়েন্দা পুলিশ মাসুমকে গ্রেপ্তার করে নতুন নাটক মঞ্চস্থ করার জন্য জোর করে তাঁর কাছ থেকে বিবৃতি নিয়ে গণমাধ্যমে প্রকাশ করেছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে মাসুমকে ২০১০ সালেই বহিষ্কার করা হলেও ছাত্রশিবির রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক বলে তাঁর পরিচয় প্রচার করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, ‘সুনির্দিষ্ট কোনো সন্ত্রাসীকে ধরতে না পেরে পুলিশ প্রশাসন যাকে-তাকে ধরে তাঁর ওপর চরম নির্যাতন চালিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে।’