রঘু রাইয়ের আলোকচিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাইয়ের তোলা ছবির প্রদর্শনী শুরু হলো গতকাল শুক্রবার। বেঙ্গল গ্যালারিতে সন্ধ্যায় ‘বাংলাদেশ: দ্য প্রাইস অব ফ্রিডম’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আলোকচিত্রী রঘু রাই এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।প্রদর্শনীতে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তোলা ৫১টি ছবি প্রদর্শিত হচ্ছে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। রঘু রাইয়ের জন্ম ১৯৪২ সালে। পুরকৌশলে পড়াশোনা করলেও ১৯৬৫ সালে মাত্র ২৩ বছর বয়সে আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, উদ্বাস্তু, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ইত্যাদি নিয়ে কাজের জন্য ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালে। এই ছবিগুলো নিয়ে গতকাল শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আলোকচিত্রী রঘু রাইয়ের একক আলোকচিত্র প্রদর্শনী। রঘু রাই ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দ্য স্টেটসম্যান পত্রিকায় চিফ ফটোগ্রাফার এবং ১৯৭৭ থেকে ১৯৮০ পর্যন্ত কলকাতার সাপ্তাহিক ম্যাগাজিন সানডে-তে পিকচার এডিটর হিসেবে কাজ করেন। তিনি ১৯৮২ থেকে ১৯৯১ পর্যন্ত ভারতের শীর্ষস্থানীয় সংবাদ ম্যাগাজিন ইন্ডিয়া টুডে-তে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়াবলির ওপর কাজ করেন। টাইম, লাইফ, জিও, লে ফিগারো, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য টাইমস-লন্ডন, নিউজইউক, ভোগ, জিকিউ, দি ইনডিপেন্ডেন্টসহ পৃথিবীর প্রায় সব বিখ্যাত ম্যাগাজিন এবং পত্রিকায় তাঁর আলোকচিত্র প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি নয়াদিল্লিতে বাস করছেন এবং ম্যাগনাম আলোকচিত্রী হিসেবে কাজ করছেন।‘আকাশ ছুঁয়ে দেখি’গতকাল শুক্রবার ধানমন্ডির দৃক গ্যালারিতে পর্বতারোহী এম এ মুহিত ও তাঁর শেরপার এভারেস্ট শিখরে সাম্প্রতিক দুটি সফল অভিযানের (নেপাল ও তিব্বত দিয়ে) আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ‘আকাশ ছুঁয়ে দেখি’ শিরোনামের এই প্রদর্শনীতে হিমালয় পর্বতের নিসর্গ, পাহাড়ি জীবন ও পর্বতারোহীদের ৫০টি আলোকচিত্র স্থান পেয়েছে। অধ্যাপক আনিসুজ্জামান প্রদর্শনীটি উদ্বোধন করেন।‘আকাশ ছুঁয়ে দেখি’ শিরোনামের এই প্রদর্শনীতে এভারেস্ট শিখরে মুহিতের দুটি দুঃসাহসিক অভিযানের নান্দনিক ইতিকথা হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনীটি ১৪ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে।