রঘুরামপুরে বৌদ্ধবিহার দেখতে দর্শনার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুরে সম্প্রতি সন্ধান পাওয়া প্রাচীন বৌদ্ধবিহার দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছে। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীর সংখ্যাই বেশি। দর্শনার্থীদের আগমনকে ঘিরে প্রত্নস্থানে গড়ে উঠেছে বেশ কয়েকটি খাবারের দোকান। এলাকাবাসী জানান, রঘুরামপুরে সবজিখেতের ভেতর থেকে বৌদ্ধবিহার পাওয়ার কথা এলাকার কেউ ভাবতেও পারেনি। বৌদ্ধবিহারকে ঘিরে মন্ত্রী, সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিরা গ্রামে আসছেন।প্রত্নস্থানে খাবারের দোকানি আল আমিন বলেন, বৌদ্ধবিহার দেখতে ঢাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত লোক আসছে। এদের মধ্যে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা আসছে দল বেঁধে।এমনই এক দর্শনার্থী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় এ টি ইনস্টিটিউশনের ছাত্রী আয়শা আক্তার। সে জানায়, ‘সংবাদপত্রে বৌদ্ধবিহার আবিষ্কারের খবর জেনেছি। তাই সাত বান্ধবী মিলে দেখতে এসেছি।’তবে লোকজনের ভিড়ের চাপে প্রত্নস্থানের যেন ক্ষতি না হয় সেদিকে দর্শনার্থী ও এলাকাবাসীকে সচেতন হওয়ার অনুরোধ করেছেন খনন ও গবেষণাকাজে নেতৃত্বদানকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রঘুরামপুরের মতো বিক্রমপুর অঞ্চল ও এর আশপাশে আরও অনেক প্রত্ন নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে আছে। এইগুলো সঠিকভাবে উদ্ধার ও সংরক্ষণ করতে পারলে বড় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।এলাকাবাসী জানান, সন্ধ্যার পরও লোকজন বিহারে আসে। কিন্তু সরু রাস্তার কারণে পাশাপাশি দুটি গাড়ি যাতায়াত করতে পারে না। সড়কটি প্রশস্ত করা দরকার। প্রত্নতত্ত্ব খনন ও গবেষণাকাজের প্রকল্প পরিচালক নূহ-উল-আলম লেনিন বলেন, বৌদ্ধবিহারে দর্শনার্থীরা ভিড় করছে। দেশ-বিদেশ থেকে আরও দর্শনার্থী এই বিহার দেখতে আসবে। এই জন্য রঘুরামপুরে প্রশস্ত সড়ক নির্মাণের জন্য তিনি স্থানীয় সাংসদ ও প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, দর্শনার্থীদের সুবিধার্থে শিগগিরই প্রশস্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।মুন্সিগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ও প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান ঐতিহ্য অন্বেষণের যৌথ উদ্যোগে ২০১০ সাল থেকে রঘুরামপুরে খনন ও গবেষণাকাজ শুরু হয়। গত ২৩ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে বৌদ্ধবিহার সন্ধান পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।