
ধবধবে সাদা ‘ক’ বর্ণের অক্ষরটি তখন তাদের ‘ইচ্ছেখাতা’। আর সেই ইচ্ছেখাতা তারা রঙিন করে তুলল ঘণ্টা খানেকের মধ্যে। শিক্ষার্থীদের এমনই আরও অনেক ইচ্ছা পূরণের দিন ছিল ২ মে। কারণ, এদিন ঢাকা অঞ্চলের শিক্ষার্থীদের ভাষা প্রতিযোগের আসর ছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে।

সারা দিন আনন্দ আর প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়ার এ আয়োজনে ছিল ৪০ মিনিটের একটি পরীক্ষা। ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্কুল-কলেজের এক হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশ নেয় এখানে। এর আগে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহম্মদ দানিউল হক, সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, শিল্পী রফিকুন নবী প্রমুখ।
ভাষা নিয়ে খুদে শিক্ষার্থীদের মনের কোণে থাকা নানা ধরনের প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক সৌরভ সিকদার, গুলশান আরা, বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর, মোহাম্মদ আজম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের শিক্ষক কুদরত-ই-হুদা। আর মজার এ পর্ব পরিচালনা করেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর। এরই ফাঁকে শিক্ষার্থীদের গানের ভেলায় ভাসাতে মঞ্চে আসেন সংগীতশিল্পী কোনাল ও সাব্বির।
এরপর ঘোষণা করা হয় প্রতিযোগের ফলাফল। যেখানে চার ক্যাটাগরিতে মোট ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
হাসান ইমাম